ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত হুসেফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার পছন্দের প্রার্থী দিলমা হুসেফের জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হুসেফ নির্বাচিত হলে তিনিই হবেন ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট। নির্বাচনপূর্ব সব জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট সিলভার মন্ত্রিপরিষদের সাবেক প্রধান হুসেফের বিজয় প্রায় নিশ্চিত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাও পাওলো রাজ্যের সাবেক গভর্নর জোসে সেরার চেয়ে ১০ থেকে ১২ পয়েন্টে এগিয়ে আছেন। প্রেসিডেন্ট সিলভার নীতি অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন এই নেতা। সাফল্যের সঙ্গে দুই মেয়াদ কাটানোর পর আগামী বছরের ১ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করবেন লুই সিলভা। প্রেসিডেন্ট হিসেবে তাঁর জনপ্রিয়তা এখনো ৮০ শতাংশের ওপর। ব্রাজিলের সংবিধানে পর পর দুই মেয়াদের বেশি নির্বাচন করার বিধান নেই। ৬২ বছরের ঝানু আমলা হুসেফ জীবনে একবার কারাভোগ করেছেন। সত্তরের দশকে সামরিক শাসনামলে কারাগারে তাঁর ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। তখন তিনি একটি গেরিলা গোষ্ঠীর হয়ে কাজ করেছিলেন।বেশির ভাগ ভোটকেন্দ্র গতকাল বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয়। কেবল পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে দুই ঘণ্টা পর ভোট গ্রহণ শেষ হয়। এই রাজ্যগুলো পৃথক টাইমজোনে অবস্থিত। এ নির্বাচনে যিনিই জয়ী হোন না কেন, তিনিই হবেন লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ও বিশ্বের অষ্টম অর্থনীতির প্রেসিডেন্ট। এএফপি।