ব্রাজিলের প্রশংসায় স্নোডেন

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন ব্রাজিলের ‘গতিশীল গণতন্ত্রের’ ভূয়সী প্রশংসা করেছেন। মার্কিন গোয়েন্দা কার্যক্রম ফাঁস করে গুপ্তচরবৃত্তির মামলার মুখোমুখি হয়ে বর্তমানে তিনি রাশিয়ার আশ্রয়ে আছেন।
গত রোববার গ্লোবো টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্নোডেন বলেন, ব্রাজিল হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও গণতান্ত্রিক দেশগুলোর একটি’।
স্নোডেন রাশিয়ায় অস্থায়ী আশ্রয় পাওয়ার আগে গত জুলাইয়ে যেসব দেশে আশ্রয় পাওয়ার চেষ্টা করেছিলেন, তার মধ্যে ব্রাজিল অন্যতম। তবে তাঁর সে চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু চলতি সপ্তাহে তিনি যেভাবে ব্রাজিল সরকার ও জনগণের প্রশংসা করলেন, তাতে মনে করা হচ্ছে, তিনি আশ্রয় প্রশ্নে দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফের সরকারের কাছ থেকে নতুন দৃষ্টিভঙ্গি আশা করছেন। সম্ভবত তিনি রাজনৈতিক আশ্রয় বা মানবিক ভিসা পাওয়ার চেষ্টা করছেন।
এর আগে গত মঙ্গলবার ব্রাজিলের দৈনিক ফোলহা ডি সাও পল স্নোডেনের ‘ব্রাজিলীয় জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি’ প্রকাশ করে। চিঠিতে বলেন, ব্রাজিলে মার্কিন নজরদারির ঘটনা তদন্তে তিনি ব্রাজিলকে সহায়তায় প্রস্তুত।
স্নোডেনকে গত আগস্টে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য রাজনৈতিক আশ্রয় দেয় রাশিয়া। সম্প্রতি স্নোডেনের রুশ আইনজীবী জানান, তিনি অর্থসংকটে পড়েছেন। ফলে অর্থ উপার্জনের জন্য বর্তমানে একটি বড় ধরনের ওয়েবসাইট চালুর কাজ শুরু করেছেন। এএফপি।