ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় পর্বে গড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লুলা ডা সিলভার উত্তরসূরি নির্বাচনের জন্য গতকাল রোববার ভোট দিয়েছেন সে দেশের ভোটাররা। এদিকে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় পর্বে গড়াতে পারে বলে জনমত জরিপে আভাস পাওয়া যাচ্ছে। গতকাল ফেডারেল ও রাজ্য ডেপুটি, রাজ্য গভর্নর ও দুই-তৃতীয়াংশ সিনেটর নির্বাচনের জন্যও ভোট দিয়েছেন দেশটির ভোটাররা। কিন্তু সবার নজর ছিল প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। নয়জন প্রার্থীর মধ্য থেকে সাড়ে ১৩ কোটি ভোটার তাঁদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন।গত শনিবার প্রকাশিত দুটি জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট প্রার্থী দিলমা হুসেফ দ্বিতীয় পর্বের নির্বাচন এড়ানোর জন্য প্রয়োজনীয় ভোট নাও পেতে পারেন। এর আগে পরিচালিত জরিপগুলোতে তিনি পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিলেন।গতকাল ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে প্রকাশিত একটি জরিপের ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট লুলার সাবেক চিফ অব স্টাফ দিলমা হুসেফ ৫১ শতাংশের চেয়ে চার শতাংশ ভোট কম পাবেন।অপর একটি জরিপে দেখা যায়, হুসেফের সমর্থন ৫২ শতাংশ থেকে নেমে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। দুটি জনমত জরিপেই দেখা যায়, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাও পাওলোর সাবেক গভর্নর হোসে সেরার পক্ষে রয়েছেন ৩১ শতাংশ ভোটার। দ্বিতীয় দফার নির্বাচন এড়ানোর জন্য হুসেফকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। কিন্তু তা না পেলে আগামী ৩১ অক্টোবর তাঁকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসে সেরার সঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে লড়তে হবে।তবে সব জনমত জরিপেই দেখা যাচ্ছে, যদি দ্বিতীয় দফা নির্বাচন হয়, তাহলে হুসেফ সেরাকে খুব সহজেই পরাজিত করবেন। নির্বাচিত হলে তিনি হবেন ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট। এএফপি, সিএনএন ও রয়টার্স।