ব্রাজিলের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও ২০১৪ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল সামনে রেখে বিপুল ব্যয়ের কারণে ব্রাজিলের বড় বড় শহরে বিক্ষোভ চলছে। গতকাল সোমবার দুই লাখের বেশি বিক্ষোভকারী অন্তত ১১টি শহরে মিছিল করেছে। খ্রিয়ো জা নেরো ও সাও পাওলোতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।

রাজধানী ব্রাসিলিয়াতে বিক্ষোভকারীরা ন্যাশনাল কংগ্রেস ভবনের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ছাদে উঠে যায়। গত ২০ বছরের মধ্যে ব্রাজিলে এটি সবচেয়ে বড় ধরনের বিক্ষোভের ঘটনা।

সম্প্রতি সাও পাওলোতে সর্বনিম্ন বাসভাড়া তিন রিয়েল থেকে বাড়িয়ে তিন দশমিক ২০ রিয়েল করায় ২ জুন থেকে বিক্ষোভ শুরু হয়। কর্তৃপক্ষ জানায়, বাসভাড়া বৃদ্ধির এই হার মূল্যস্ফীতির অনেক নিচে।

দেশটি শিগগিরই বিশ্বকাপ ও অলিম্পিকের আয়োজন করতে যাচ্ছে। অনেকে অভিযোগ করছেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে প্রায়োজনীয় অর্থ ব্যয় না করে বিশ্বকাপ ও অলিম্পিককে ঘিরে প্রচুর অর্থ অপচয় করা হচ্ছে। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

খ্রিয়ো জা নেরো শহরে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এতে পুলিশের পাঁচজন কর্মকর্তা আহত হন। বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন দেয় এবং স্টেট অ্যাসেম্বলি ভবন ধ্বংস করে দিয়েছে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল, পেপার স্প্রে ও রাবার বুলেট ছোড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

প্রেসিডেন্ট জিউমা হুসেফ এক বিবৃতিতে বলেছেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ বৈধ।’ তিনি বলেন, ‘তরুণদের জন্য বিক্ষোভ করার বিষয়টি খুব স্বাভাবিক।’