ব্রাজিলের বৃহত্তম দুর্নীতির ঘটনার বিচার শুরু
ব্রাজিলে বৃহত্তম দুর্নীতি কেলেঙ্কারির ঘটনায় কাল বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা ও বেশ কিছু সরকারি কর্মকর্তার বিচার শুরু হচ্ছে।তবে ওই দুর্নীতির সময় ওয়ার্কার্স পার্টির জনপ্রিয় নেতা লুলা ডি সিলভা ক্ষমতায় থাকলেও তাঁকে আসামি করা হয়নি। লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে কংগ্রেসের জন্য কথিত ভোট কেনা কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, ব্যাংকারসহ ৩৮ বিবাদী বৃহস্পতিবার ব্রাজিলের সুপ্রিম কোর্টে হাজির হবেন। সংবাদমাধ্যমে এটিকে ইতিমধ্যে ‘শতাব্দীর বিচার’ আখ্যা দেওয়া হয়েছে।২০০৫ সালে লুলার শাসনকালেই প্রথম এ দুর্নীতির কথা আলোচনায় আসে। লুলার দল ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে কংগ্রেসকে তাদের ভোটের বিনিময়ে ১০ হাজার পাউন্ড ঘুষ প্রদানের প্রস্তাব দেওয়ার অভিযোগ আনা হয়। এ ছাড়া অর্থ আত্মসাৎ ও পাচার, দুর্নীতি ও প্রতারণার অভিযোগও আনা হয়েছে। মামলায় দোষী প্রমাণিত হলে ৪৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।লুলা ভোট ক্রয় কেলেঙ্কারি সম্পর্কে কোনো কিছু বলতে অস্বীকার করেছেন এবং তাঁর দলের পক্ষে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন।তবে লুলার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও সাবেক মন্ত্রী এবং চারটি মিত্র দলের প্রায় এক ডজন সাবেক এমপিকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।গত শনিবার একটি স্থানীয় দৈনিকে বলা হয়, বিচারের প্রাক্কালে অ্যাটর্নি জেনারেল রবার্তো গুর্গেল সুপ্রিম কোর্টের ১১ জন বিচারকের পাঠানো একটি দলিলে এ মামলাকে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দুঃসাহসী ও ভয়ানক দুর্নীতি এবং জনগণের তহবিল তছরুপের ঘটনা বলে অভিহিত করেন।বিশ্ল্লেষকেরা বলছেন, এ ঘটনায় ব্রাজিলের ক্ষমতাসীন দলকে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় পৌর নির্বাচনে মূল্য দিতে হতে পারে। এএফপি।