ব্রাজিলের সমুদ্রসৈকত থেকে ৫১২টি মৃত পেঙ্গুইন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্ড ডু সুল রাজ্যের সমুদ্রসৈকত থেকে পাঁচ শতাধিক মৃত পেঙ্গুইন উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার কর্তৃপক্ষ এ কথা জানায়। সেন্টার অব কোস্টাল অ্যান্ড মেরিন স্টাডিজ (সেকলিমার) জানায়, প্রাণিরোগ বিশেষজ্ঞরা ৫১২টি পেঙ্গুইনের মৃত্যুর কারণ তদন্ত করছেন। এসব সামুদ্রিক প্রাণীকে রাজ্যের রাজধানী পোর্টো আলেগ্রি থেকে প্রায় এক শ কিলোমিটার দূরে ট্রামানদাই ও সিড্রিরার মাঝামাঝি উপকূলের সমুদ্রসৈকতের মরে পড়ে থাকতে দেখা গেছে। তারা আরও জানায়, এসব পেঙ্গুইনের মধ্য থেকে ৩০টি পেঙ্গুইন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পোর্টো আলেগ্রি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। এক মাসের মধ্যেই এর ফলাফল প্রকাশ করা হবে। সেকলিমার কর্মকর্তারা গ্লোবোস জি-১ ওয়েবসাইটকে বলেন, প্রাণী বিশেষজ্ঞরা একসঙ্গে এতগুলো পেঙ্গুইন মারা যাওয়ার ঘটনায় বিস্মিত হয়েছেন। এএফপি।