ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ক্যানসারে আক্রান্ত
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার কণ্ঠনালিতে ক্যানসার শনাক্ত করা হয়েছে।সাও পাওলোর সিরিও-লিবানেস হাসপাতালের এক বিবৃতিতে গত শনিবার বলা হয়, লুলার (৬৬) বাগ্যন্ত্রে একটি টিউমার আছে। কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা শেষে কয়েক দিন পর প্রাথমিক কেমোথেরাপি দেওয়া শুরু হবে। লুলার চিকিৎসক দলের সদস্য অনকোলজিস্ট আর্থার কাৎজ ব্রাজিলের একটি পত্রিকাকে বলেন, টিউমারটি খুব বেশি বড় নয় এবং লুলার সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।অর্থমন্ত্রী গুইদো মানতেগা সাবেক এই প্রেসিডেন্টকে হাসপাতালে দেখার পর বলেন, ‘তিনি একজন যোদ্ধা।’ তিনি জানান, লুলার শরীরের অন্য কোনো অংশে রোগ ছড়ায়নি।২০০২ সালে লুলা প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০০৬ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ব্রাজিলের সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্ট টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন না।প্রেসিডেন্ট লুলার মেয়াদকালে ব্রাজিলের ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি হয়। এ সময়ে দেশটির দুই কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের কবল থেকে বেরিয়ে আসে।খবরে বলা হয়, ২০১০ সালের মার্চে ধূমপান ত্যাগ করেন লুলা। রয়টার্স, বিবিসি।