ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৩ শিশু নিহত
ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৩ শিশু নিহত হয়েছে। এরমধ্যে ১০টি মেয়ে ও ৩টি ছেলেশিশু। গত বৃহস্পতিবারের এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। এরপর বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেন।বন্দুকধারী ব্যক্তি দুটি রিভলবার নিয়ে রিও ডি জেনেরিওর পশ্চিমাঞ্চলীয় রিলেঙ্গো এলাকার এসকোলা মিউনিসিপ্যাল তাসো দ্য সিলভেইরা স্কুলে ঢুকে গুলি চালানো শুরু করেন। ২৪ বছর বয়সী বন্দুকধারী ওয়েলিংটন মেনেজেস ডি অলিভেইরা ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী।কর্মকর্তারা জানান, স্কুল শুরুর সময় ক্লাস নেওয়ার কথা বলে ক্যাম্পাসে প্রবেশ করেন অলিভেইরা। তারপর একটি শ্রেণীকক্ষে ঢুকে গুলি শুরু করেন তিনি। এতে ঘটনাস্থলেই ১২টি শিশু নিহত হয়। পরে আহত শিশুদের মধ্যে একটি শিশু মারা যায়। এ সময় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকেরা অন্য শ্রেণীকক্ষগুলোর দরজা বন্ধ করে দেন। শিক্ষার্থীরা ভয়ে ডেস্কের নিচে লুকায়।পুলিশ জানায়, কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার পর নিজের মাথায় রিভলবার ঠেকিয়ে আত্মহত্যা করেন অলিভেইরা। তাঁর কাছে পাওয়া একটি চিঠিতে বোঝা যায়, তিনি একটি আত্মঘাতী দলের সদস্য ছিলেন। বিবিসি।