ব্রাজিলের ১০০ শহরে ১০ লাখ মানুষের বিক্ষোভ

ব্রাজিলের প্রায় ১০০টি শহরে গতকাল বৃহস্পতিবার ১০ লাখের বেশি মানুষ বিক্ষোভ মিছিল করেছে। বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। সাও পাওলো রাজ্যে সড়কে সৃষ্ট বাধা ভেদ করে ঢুকে পড়া একটি গাড়ির চাপায় মারা গেছেন ১৮ বছরের এক তরুণ। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে আলোচনা করতে আজ আইনপ্রণেতাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট জিউমা হুসেফ। তিনি তাঁর আগামী সপ্তাহের জাপান সফরও বাতিল করেছেন।
গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে এক সপ্তাহ আগে এ বিক্ষোভ শুরু হয়। তবে পরবর্তী বিশ্বকাপের আয়োজন সামনে রেখে ব্যয়ের শ্রাদ্ধ ও দুর্নীতি এখন বিক্ষোভের মূল বিষয়।
দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় পত্রিকা ‘ফোলহা দে সাও পাওলো’র খবরে জানানো হয়, গতকালের বিক্ষোভে ১০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছে। ব্রাজিলের গণমাধ্যমের খবরে জানানো হয়, ১০০টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে।
রিও ডি জেনিরো শহরে একদল মুখোশধারী তরুণ সিটি হলের দিকে এগোতে থাকলে দাঙ্গা পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ২৯ জন আহত হয়। এদিকে শহরে থাকা রাজ্যের আইনপরিষদ ভবন, গভর্নর কার্যালয়, গুয়ানাবারা প্যালেস ও মেয়রের কার্যালয় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
টিভিতে প্রচারিত ভিডিওচিত্রে শহরের অনেক দোকানপাটে লুটপাট হওয়ার দৃশ্য দেখা যায়। রাজধানী ব্রাসিলিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশমুখে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশের ছোড়া রাবার বুলেট ও কাঁদানের গ্যাসের শেলের মুখে তারা পিছু হটে যায়। শহরের অন্যান্য সরকাির ভবনেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আহত হয় প্রায় ২৬ জন।
অন্যদিকে সালভাদোর শহরে কনফেডারেশনস কাপে গতকাল নাইজেরিয়া ও উরুগুয়ের খেলা চলাকালে স্টেডিয়ামের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পোরতো আলেগরি, ক্যাপিয়ান শহরে এবং সালভাদোর শহরের উত্তর-পূর্বাঞ্চলেও সংঘর্ষের ঘটনা ঘটে।
বিক্ষোভের পর কুইবা, জোয়াও পেসোয়া, রেসিফ শহরের মতো গত বুধবার সাও পাওলো ও রিও শহরের কর্তৃপক্ষ গণপবিরহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। অনেকে এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও তা বিক্ষোভকে শান্ত করতে ব্যর্থ হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া সাও পাওলোর বাসিন্দা দেনিয়েল আকোস্তা বিবিসিকে বলেন, ‘এটি মাত্র শুরু। এখন কী হবে, তা কেউ জানে না। কিন্তু আমরা আশাবাদী।’