ব্রাদারহুড কি শেষ?
মিসরের একটি আদালত গতকাল সোমবার মুসলিম ব্রাদারহুড এবং এই সংগঠনটির সব কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই রায়ের পর ইসলামপন্থী এই সংগঠনের নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন ও ধরপাকড় আরও বাড়বে বলে মনে করছেন কেউ কেউ। অনেকে মনে করছেন এই রায়ের ফলে অস্তিত্ব সংকটে পড়েছে সংগঠনটি।
আবার কেউ কেউ বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে এটি একটি প্রতীকী রায় মাত্র।
গত ৩ জুলাই ব্রাদারহুডের হয়ে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলে সংগঠনটি। এর পরই সংগঠনটির নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-নিপীড়ন চালায় সেনা-সমর্থিত সরকার। এখন আদালতের এই রায়ের উদ্দেশ্য এবং এর পরিণতি নিয়ে চলছে বিশ্লেষণ।
আদালতের সুদূরপ্রসারী ওই আদেশ ইসলামপন্থী এই সংগঠনের সঙ্গে দূরতম সম্পর্ক থাকা কোনো গোষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে দৃশ্যত মনে হচ্ছে। রায়ের মাধ্যমে জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বাধীন সেনাবাহিনী ও তাঁদের সমর্থিত সরকারকে ব্রাদারহুডের ওপর নিপীড়ন আরও জোরালো করার আইনগত বৈধতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর পদক্ষেপে এরই মধ্যে কোণঠাসা ব্রাদারহুড। সংগঠনটির শত শত নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। মুরসি ও শীর্ষস্থানীয় অন্য নেতারাসহ হাজার হাজার নেতা-কর্মী কারাগারে।
মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনার খবরে বলা হয়, আদালতের এই নিষেধাজ্ঞা মুসলিম ব্রাদারহুড, সংগঠনটি থেকে আত্মপ্রকাশ করা সব গোষ্ঠী, তার সহযোগী সংস্থা এবং এই গোষ্ঠীকে অনুসরণ করে বা তাদের কাছ থেকে আর্থিক সহায়তা নেয়, এমন সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মিসরে যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, আদালতের ওই আদেশ তা আরও উসকে দিতে পারে। এরই মধ্যে সিনাই উপত্যকা, রাজধানী কায়রোসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়েছে। কায়রোতে চলতি মাসের শুরুর দিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা হয়।
অবশ্য আদালতের ওই আদেশ ব্রাদারহুডের আর্থিক ও সাংগঠনিক রাজত্বকে লক্ষ্য করে দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত নন বিশ্লেষকেরা।
কেউ কেউ মনে করেন, সরকার এখন ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তুলে ধরার প্রাণান্ত চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে নিম্ন আদালতের যে বিচারক ওই আদেশ দিয়েছেন, তিনি কেবল অন্তর্বর্তী সরকারকে তুষ্ট করার চেষ্টা করেছেন। অন্য আদালতে এই আদেশ উল্টে যেতে পারে।
তবে এই মুহূর্তে আদালতের ওই আদেশ কর্তৃপক্ষকে ব্রাদারহুডের পিছু নিতে আরও ক্ষমতা দিয়েছে।
ইজিপশিয়ান ইনিশিয়েটিভ ফর পার্সোনাল রাইটস নামে একটি মানবাধিকারবিষয়ক সংগঠনের পরিচালক হোশাম বাঘাট বলেন, ‘এটা ব্রাদারহুডের অধীনে থাকা সব ধরনের সংগঠন ও প্রতিষ্ঠানের পেছনে লাগার এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে সরকারকে বড় সুযোগ করে দিয়েছে।’
মুরসি ক্ষমতাচ্যুত হলেও ব্রাদারহুড পরিচালিত স্বাস্থ্যসেবা ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান এখনো আগের মতোই চলছে। মূলত এসব প্রতিষ্ঠানই লাখ লাখ দরিদ্র মিসরীয়র কাছে ব্রাদারহুডকে ব্যাপক জনপ্রিয় করতে ভূমিকা রেখেছে। আদালতের আদেশের পর নিরাপত্তা বাহিনী এখন এসব প্রতিষ্ঠানেও হাত দিতে পারবে।
কিছু বিশ্লেষক বলছেন, ব্রাদারহুডকে নিষিদ্ধ করার ওই আদেশ কিছুটা উদ্ভটও। কেননা বৈধ সত্ত্বা হিসেবে সংগঠনটির অস্তিত্ব এখনো নেই বললেই চলে।
কায়রো ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস স্টাডিজের উপপরিচালক আবদেল তোয়াব বলেন, ‘এই সংগঠনকে বিলুপ্ত করার কোনো অর্থ হয় না। আমি মনে করি, গোপন তত্পরতায় গেলেও ব্রাদারহুডের অস্তিত্বে কোনো প্রভাব ফেলবে না।’ তাঁর মতে, আদালতের নতুন আদেশের ফলে সংগঠনটির অবস্থা আরও শোচনীয় হবে কি না, তা অনুমান করা কঠিন।
তোয়াব বলেন, ‘আমি মনে করি, এটা অযোগ্য একটা আদালতের রাজনৈতিক ও প্রতীকী একটা আদেশ। আদালত কেবল এটা বলতে চেয়েছেন, “এটাই শেষ”।’