ব্রাদারহুড নিষিদ্ধ করার সুপারিশ বিচারকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের একটি বিচারক প্যানেল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। গত ৩ জুলাই সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের দমন-নিপীড়নের শিকার এই ইসলামপন্থী সংগঠনটির জন্য এটি একটি বড় ধাক্কা।

ব্রাদারহুড বর্তমানে বেসরকারি সংগঠন হিসেবে নিবন্ধন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। বিচারকদের একটি প্যানেল গত সোমবার ওই নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে। এটা মানা বাধ্যতামূলক নয়। তবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাউয়ি আগে থেকেই সংগঠনটিকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছেন।

এদিকে মিসরের একটি সামরিক আদালত গতকাল মুসলিম ব্রাদারহুডের এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া অন্য তিন সদস্যকে ১৫ বছর করে এবং আরও ৪৮ সদস্যকে পাঁচ থেকে ১০ বছরের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর সুয়েজে সেনাসদস্যদের ওপর মুরসি-সমর্থকদের হামলার দায়ে তাঁদের এ সাজা দেওয়া হলো।

চার চ্যানেল বন্ধের নির্দেশ: ব্রাদারহুডের টেলিভিশন চ্যানেল আহরার-২৫ এবং কাতারভিত্তিক আল-জাজিরা চ্যানেলের মিসর শাখাসহ মোট চারটি চ্যানেলের কার্যক্রম গতকাল বন্ধ করার নির্দেশ দিয়েছেন কায়রোর একটি আদালত। অন্য চ্যানেল দুটি হচ্ছে, ইসলামপন্থী আল-ইয়ারমুক ও আল-কুদস।

সিনাইয়ে জঙ্গিবিরোধী অভিযান: মিসরের সেনাবাহিনীর হেলিকপ্টার গতকাল সিনাই উপদ্বীপে জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে।  গার্ডিয়ান ও এএফপি।