ব্রাদারহুড নিয়ে আরব বিশ্বে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডকে নিয়ে আরব বিশ্বের উপসাগরীয় দেশগুলোতে অস্বস্তি বাড়ছে। মিসর ব্রাদারহুডকে নিষিদ্ধ করার পর সৌদি আরব সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করে। গত সপ্তাহে কাতারকে ব্রাদারহুডের বন্ধু আখ্যা দিয়ে কাতার থেকে দূতও প্রত্যাহার করে রিয়াদ। সৌদির এই পদক্ষেপ উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।
মার্কিনপন্থী বলে পরিচিত সংগঠন জিসিসির সদস্যরাষ্ট্রগুলো হলো: সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
বিশ্লেষকদের মতে, মিসরে রাজনৈতিক দল হিসেবে ব্রাদারহুড বেশ জনপ্রিয়। মিসরের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে সংগঠনটি সেটি প্রমাণ করেছে। আর ব্রাদারহুডের লক্ষ্য হলো পুরো আরব বিশ্বে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আর তাই মিসরে ব্রাদারহুডের উত্থান শঙ্কিত করে সৌদি আরবের রাজবংশকে।
ব্রাদারহুডকে সৌদি শাসকদের ভয় শুরু হয় নব্বইয়ের দশকে। ওই সময় অভিযোগ উঠেছিল, সৌদি আরবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে একটি পক্ষকে সহায়তা দিচ্ছে ব্রাদারহুড। সৌদি সরকার অবশ্য তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল।
সৌদি সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডেও ব্রাদারহুডকে নিয়ে শঙ্কার প্রমাণ মেলে। মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হলে সামরিক বাহিনীকে দ্রুত সমর্থন দেয় সৌদি আরব। এখন মিসরের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে কোটি কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় ব্রাদারহুডকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকভুক্তও করে। আর সর্বশেষ কাতারকে ব্রাদারহুডের বন্ধু আখ্যা দিয়ে দূত প্রত্যাহার করে নেয়। সৌদি আরবের সঙ্গে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতও কাতার থেকে দূত প্রত্যাহার করে নেয়।
ব্রাদারহুডকে নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে ভাঙনের মুখে পড়েছে জিসিসি। সৌদি আরব ছাড়া জিসিসির আর কোনো সদস্যরাষ্ট্র ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেনি। কাতারও তাদের বিরুদ্ধে আনা সৌদি আরবের অভিযোগ অস্বীকার করে।
জিসিসির অন্য সদস্যদেশগুলোর মধ্যে কুয়েত করণীয় নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। কারণ, দেশটির সক্রিয় রাজনীতিতে ইসলামপন্থীদের ঐক্য রয়েছে। তাই ব্রাদারহুড প্রশ্নে জিসিসির মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যস্থতা করতে চায় কুয়েত।
আর ওমান যেন বিষয়টিকে তেমন গুরুত্বই দিচ্ছে না। আরবি ভাষার দৈনিক ওমান ডেইলির এক প্রতিবেদনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউসুফ বিন আলাবি বিন আবদুল্লাহ বলেন, ‘যা ঘটেছে তা মতানৈক্য ও ভাইদের মধ্যে একটি বিবাদ ছাড়া কিছুই নয়...এটা বিচ্ছেদ নয়।’
বাহরাইনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক ওয়াফা আল সাইয়িদ বলেন, ব্রাদারহুডকে ঘিরে সৌদি আরবের কর্মকাণ্ড জিসিসির দেশগুলোর সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে কাতারের সঙ্গে সৌদি আরবের তিক্ততা বাড়বে।