ব্রাদারহুড নেতা আল-আরিয়ান গ্রেপ্তার

মুসলিম ব্রাদারহুডের অন্যতম শীর্ষ নেতা আসাম মুহাম্মদ হুসেইন আল-আরিয়ানকে আজ বুধবার গ্রেপ্তার করেছে মিসরীয় আইন প্রয়োগকারী সংস্থা।
গত জুলাই মাসে সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর আল-আরিয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন কৌঁসুলিরা।
মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা জানায়, আগামী সপ্তাহে মুরসি ও তাঁর সহযোগীদের সঙ্গে আল-আরিয়ানের বিচার শুরু হবে।
আল-আরিয়ান ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির সহসভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
মুসলিম ব্রাদারহুডের এক মুখপাত্র বিবিসিকে জানান, আজ কায়রো থেকে গ্রেপ্তার করার পর আরিয়ানকে গোপন জায়গাতে নিয়ে যাওয়া হয়।আরিয়ানকে গ্রেপ্তারের পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে এ ইসলামপন্থী নেতার হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছে। ওয়েবসাইটে বলা হয়, গ্রেপ্তারের সময় আরিয়ান বলেন, ‘ভাগ্যে থাকলে ঠেকানো যায় না। অভ্যুত্থান শেষে মুক্তি পাবই।’
সরে দাঁড়িয়েছেন বিচারকেরা
আসছে ৪ নভেম্বরে মুরসির বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তাঁর বিরুদ্ধে ২০১২ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে হত্যা ও সংঘাতে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে গত সোমবার মুরসি তাঁর বিচারে গঠিত আদালতের কর্তৃত্বকে অস্বীকার করেছেন।
কায়রোতে মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভের একজন প্রথম সারির নেতা ছিলেন মোহাম্মদ বাদি। কিন্তু বিক্ষোভ দমনে সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার দমন-পীড়ন শুরু করলে বাদি ফেরার হয়ে যান। গত আগস্টে তাঁকে আটক করা হয়।
ব্রাদারহুডের উপদেষ্টা মোহাম্মদ বাদি ও তাঁর সহকারী মুহাম্মদ খাইরাত সাদ আল-শাতারের বিচারের জন্য গঠিত একটি বেঞ্চের তিনজন বিচারক গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ সম্পর্কে বিচারক মুহাম্মদ ফাহমি আল-কারমুতি বলেন, তাঁরা ‘বিবেকের তাড়নায়’ সরে দাঁড়িয়েছেন।
বাদি ও আল-শাতারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা গত ৩০ জুনে ব্রাদারহুডের কার্যালয়ের বাইরে সংগঠনটির বিরোধী প্রতিবাদীদের হত্যা ও সংঘাতে উসকানি দিয়েছেন।