ব্রাদারহুডকে নিষিদ্ধ করা ঠিক হবে না: বেবলাওয়ি
মিসরের সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হাজেম আল-বেবলাওয়ি বলেছেন, মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিরত রাখা উচিত হবে না।
সেনাবাহিনী মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ইসলামপন্থী সংগঠন ব্রাদারহুডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন বেবলাওয়ি। গত মঙ্গলবার তিনি সুর কিছুটা নরম করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। অন্তর্বর্তী সরকার সংকট নিরসনে একটি রাজনৈতিক বিবৃতি দিতে পারে—এমন গুঞ্জনের মধ্যে বেবলাওয়ির এমন বক্তব্য এল।
১৭ আগস্ট অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেবলাওয়ি বলেন, ব্রাদারহুডকে নিষিদ্ধ করা উচিত। তাঁর সরকার বিষয়টি বিবেচনা করছে বলেও জানান তিনি।
মঙ্গলবারের সাক্ষাৎকারে বেবলাওয়ি বলেন, ব্রাদারহুডকে নিষিদ্ধ করার পরিবর্তে সরকার দলটি ও এর রাজনৈতিক শাখার ওপর নজরদারি করবে। ব্রাদারহুডের সদস্যদের কর্মকাণ্ডই তাদের ভাগ্য নির্ধারণ করবে। তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করা সংকটের সমাধান হতে পারে না এবং উত্তাল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়াও ভুল।
বেবলাওয়ি বলেন, কোনো দল বা গোষ্ঠীকে নিষিদ্ধ করা বা গোপনে কার্যক্রম পরিচালনা করতে দেওয়ার চেয়ে রাজনৈতিক কাঠামোর মধ্যে তাদের ওপর নজরদারি করাই মঙ্গলজনক।
১৯২৮ সালে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয়। ১৯৫৪ সালে দলটিকে নিষিদ্ধ করা হয়। তবে সেবামূলক কার্যক্রমের আড়ালে দলটি রাজনৈতিক তৎপরতা চালাত। নিষেধাজ্ঞাকে পাশ কাটাতে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিত। ২০১১ সালে হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি দীর্ঘদিন পর প্রকাশ্য রাজনীতিতে আসে। রয়টার্স ও এএফপি।