ব্রাদারহুডকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের পরস্পরবিরোধী বক্তব্য
মিসরের সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে সরকার বলছে, সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়নি।
সামাজিক সংহতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে গতকাল শুক্রবার সরকারি পত্রিকাআল-আখবার এ বলা হয়, ‘কয়েক দিনের মধ্যেই’ মুসলিম ব্রাদারহুডের বেসরকারি সংগঠন হিসেবে পাওয়া নিবন্ধন বাতিল করা হবে।
তবে শেরিফ শাউকি নামের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, সংহতিবিষয়কমন্ত্রী আহমেদ আল বোরাই ব্রাদারহুডকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানাননি।
প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে টানা কয়েক দিনের গণবিক্ষোভের পর গত ৩ জুলাই মিসরের সেনাবাহিনী তাঁকে ক্ষমতাচ্যুত করে। কায়রোর একটি প্রশাসনিক আদালত গত সোমবার এক পর্যবেক্ষণে বলেন, ব্রাদারহুডের নিবন্ধন অবৈধ। আর আহমেদ আল বোরাই গত বৃহস্পতিবারের মধ্যে ব্রাদারহুডকে তাদের বৈধতার পক্ষে ব্যাখ্যা দেওয়ার সময় বেঁধে দেন।
মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে তাঁর সমর্থকেরা আন্দোলন শুরু করেন। সরকার আন্দোলনকারীদের কঠোর হাতে দমনের চেষ্টা করে। সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বাদিসহ সংগঠনের ১২ জন জ্যেষ্ঠ নেতাকে আটক করা হয়।
১৯৫৪ সালে মিসরের সামরিক শাসক ব্রাদারহুডকে নিষিদ্ধ করে। এরপর বিভিন্ন সময় সংগঠনটি দাতব্য কর্মকাণ্ডের আড়ালে রাজনৈতিক তৎপরতা চালায়।
২০১১ সালে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর গত বছর সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুরসি ক্ষমতায় আসেন। এরপর বিরোধীরা সংগঠনটির বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করে। এর পরিপ্রেক্ষিতে গত মার্চে মুসলিম ব্রাদারহুডকে বেসরকারি সংস্থা হিসেবে নিবন্ধন দেয় মুরসির সরকার। বিবিসি।