ব্রাদারহুডবিরোধী ধরপাকড় শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম ব্রাদারহুডকে মিসরের সেনাসমর্থিত সরকার আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর তাদের বিরুদ্ধে আবারও ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। প্রভাবশালী ইসলামপন্থী সংগঠনটির ২৩ নেতা-কর্মীকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে মিসরে সহিংসতাও বেড়েছে। এদিকে দেশটির সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, ব্রাদারহুডের সমর্থনে প্রচারপত্র বহন করার সময় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। সরকারি কর্তৃপক্ষের দাবি, তাঁরা ব্রাদারহুডের মতাদর্শ প্রতিষ্ঠা ও দেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর উসকানি দেওয়ার জন্য প্রচার চালাচ্ছিলেন।

বৃহস্পতিবার রাতে কায়রোর নাসর সিটিতে ব্রাদারহুডের সমর্থক ছাত্রদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষে একজন নিহত হয়। সংঘর্ষের সময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। ব্রাদারহুডের সমর্থক ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করলে ওই সংঘর্ষ শুরু হয়। পৃথক ঘটনায় নাসর সিটিতে একটি বাস লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে পাঁচজন আহত হন। ওই দিনই মিসরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি এক অনুষ্ঠানে বলেন, ‘মিসর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। যত দিন সেনাবাহিনী আছে, ততদিন মিসরের জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই।’ এর আগের দিন বুধবার ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় মিসরের সরকার। পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ব্রাদারহুডের পক্ষে কোনো মিছিল-সমাবেশে অংশ নিলে, লিখিত বা মৌখিকভাবে সংগঠনটির সঙ্গে একাত্মতা ঘোষণা করলে বা সমর্থন জানিয়ে কোনো কিছু প্রকাশ করলে পাঁচ বছর কারাভোগ করতে হবে।

মিসরের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে গত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমিকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে জানানো হয়, গত মঙ্গলবার মানসুরা শহরে আত্মঘাতী বোমা হামলা ও বৃহস্পতিবার বাসে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ব্রাদারহুডের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সেনাবাহিনী ব্রাদারহুড-সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রায় ছয় মাস হয়ে গেছে। সংগঠনটির বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে। তার পরও ব্রাদারহুড এখনো সংগঠিতভাবে আন্দোলন করে যাচ্ছে। মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার চিন্তা করছে সরকার। আল-জাজিরা।