ব্রাদারহুডের আরেক জ্যেষ্ঠ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের আরেকজন জ্যেষ্ঠ নেতাকে গতকাল বুধবার আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। আটক এসাম এল-ইরিয়ান ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির ভাইস চেয়ারম্যান।

আত্মগোপন করে থাকা এসামকে নিরাপত্তা বাহিনী রাজধানী কায়রোর পূর্বাঞ্চল থেকে আটক করে। সেনাবাহিনী ব্রাদারহুড-সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত জুলাইয়ে উৎখাত করার পরই এসামকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। তাঁকে আগামী সপ্তাহেই আদালতে হাজির করা হতে পারে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

অজ্ঞাত স্থানে আটক থাকা মোহাম্মদ মুরসিকে আগামী ৪ নভেম্বর বিচারের মুখোমুখি করা হবে। তাঁর বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গত ডিসেম্বরের সহিংসতা ও হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি ওই আদালতের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন বলে তাঁর সমর্থকেরা গত সোমবার ঘোষণা দেন। এএফপি ও বিবিসি।