ব্রাদারহুডের আরেক বড় নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের আরেক শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ আল-বেলতাগিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছেন। এদিকে মুরসির সমর্থনে গতকাল শুক্রবার নতুন বিক্ষোভের ডাক দেয় ব্রাদারহুড।বেলতাগি ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস (এফজেপি) পার্টির মহাসচিব। তাঁর বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। বেলতাগির পাশাপাশি সাবেক শ্রমমন্ত্রী খালেদ আল-আজহারিকেও গ্রেপ্তার করা হয়েছে। মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তাঁর সংগঠন ব্রাদারহুডের বিরুদ্ধে সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকারের চলমান ধরপাকড়ের অংশ হিসেবে ওই দুজনকে গ্রেপ্তার করা হলো। সরকারি অভিযোক্তারা গত ১০ জুলাই বেলতাগিকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিলেন। তবে এর পরও তিনি প্রতিদিনই কায়রোর রাবা আল-আদাবিয়া মসজিদের বাইরে মুরসি-সমর্থকদের বিক্ষোভ শিবিরে হাজির হয়ে জ্বালাময়ী ভাষণ দিয়ে বিক্ষোভকারীদের উজ্জীবিত করেন। চলতি মাসের শুরুতে কয়েকবার সতর্কতার পর সরকার রক্তক্ষয়ী অভিযান চালিয়ে ওই বিক্ষোভ শিবির উচ্ছেদ করে। বেলতাগির ১৭ বছর বয়সী মেয়ে আসমা আল-বেলতাগীও সেখানে নিহত ব্যক্তিদের মধ্যে ছিল।মিসরের গণমাধ্যমে ব্রাদারহুডের বিরুদ্ধে যে সমালোচনা রয়েছে, তার বেশির ভাগই বেলতাগিকে ঘিরে। ব্রাদারহুডের বিরুদ্ধে সহিংসতামূলক কর্মকাণ্ড চালানোর যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর পেছনে বেলতাগির ‘ইন্ধন’ রয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে সম্প্রতি আত্মগোপন করলেও ভিডিও বিবৃতির মাধ্যমে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মিসরীয়দের প্রতি আহ্বান জানানো অব্যাহত রাখেন। বিবিসি।