ব্রাহমি ও বেলাইদের মৃত্যু একই অস্ত্রের গুলিতে?
তিউনিসিয়ার বিরোধী দলের নেতা মোহাম্মদ ব্রাহমি হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার দেশটিতে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটে বিশেষ করে রাজধানীর জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। বিরোধী দলের পার্লামেন্ট সদস্য ব্রাহমি গত বৃহস্পতিবার রাজধানী তিউনিসে নিজের বাড়ির সামনে মোটরসাইকেলের আরোহী আততায়ীর গুলিতে নিহত হন। চলতি বছর দেশটিতে এটি দ্বিতীয় রাজনৈতিক হত্যাকাণ্ড। বামপন্থী পপুলার মুভমেন্টের নেতা ব্রাহমির পরিবারের অভিযোগ, এ হত্যাকাণ্ডে ক্ষমতাসীন ইসলামপন্থী গোষ্ঠী এননাহদার হাত রয়েছে। তবে দলটি এ অভিযোগ অস্বীকার করেছে। ‘সন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের’ প্রতিবাদে জেনারেল ইউনিয়ন অব তিউনিসিয়ান লেবার (ইউজিটিটি) গতকাল সারা দেশে ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে দোকানপাট, যান চলাচল বন্ধ ছিল। জাতীয় বিমান পরিবহন সংস্থার সব ফ্লাইট বাতিল করা হয়।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিরোধী দলের আরেক নেতা চকরি বেলাইদকে আততায়ীরা হত্যা করে। এদিকে গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৬ ফেব্রুয়ারি ধর্মনিরপেক্ষ বিরোধী দলের আরেক নেতা চকরি বেলাইদকে যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল, তা-ই ব্রাহিমি হত্যায় ব্যবহূত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী লতিফ বেন জেদু বলেন, ব্রাহমি হত্যায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন কট্টরপন্থী সালাফি। এএফপি।