সিরিয়ার বিষয়ে জাতিসংঘ ও আরব লিগের দূত লাখদার ব্রাহিমি গতকাল শনিবার মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। আগামী মাসের নির্ধারিত জেনেভা-২ শান্তি আলোচনাকে সামনে রেখেই তাঁর এই সফর।
এদিকে ব্রাহিমির সফর শুরুর প্রাক্কালে গত শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে আত্মঘাতী গাড়িবোমা হামলা ও বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন।
জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসির্কি জানান, ব্রাহিমি মধ্যপ্রাচ্য সফরের শুরুতে মিসরে যাবেন। মিসরে শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গে বৈঠক করবেন তিনি। রোববার পর্যন্ত সেখানেই অবস্থান করবেন।
সিরীয় বিদ্রোহীদের সমর্থিত যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা দ্য অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, শুক্রবার আল-কায়েদার সমর্থনপুষ্ট আল-নুসরা ফ্রন্ট দামেস্কের অদূরে জারামানা এলাকায় সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায়। এরপর ঘটনাস্থলে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। আত্মঘাতী হামলা ও লড়াইয়ে ১৬ সেনা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, আত্মঘাতী হামলার জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী।
ত্রাণবহর ঢুকতে দেওয়ার আহ্বান: দামেস্কের কিছু এলাকা কয়েক মাস ধরে প্রায় অবরুদ্ধ থাকায় সেসব স্থানে খাদ্য, ওষুধ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি গত শুক্রবার বলেন, ‘ত্রাণের গাড়িবহর সিরিয়ায় ঢোকার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানাই আমরা।’
কেরির প্রস্তাব ‘অপরিণত’: রাশিয়া বলেছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য তা জাহাজে করে সরিয়ে নেওয়া-সংক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রস্তাব দেওয়ার সময় এখনো আসেনি। কেরি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওতে বলেন, ‘আশা করছি যত দ্রুত সম্ভব সব রাসায়নিক অস্ত্র একটি স্থানে জড়ো করা হবে। একটি জাহাজে তা জড়ো করা হতে পারে। পরে তা সরিয়ে নেওয়া হবে।’ এএফপি।