ব্রাহিমির সফরে গঠনমূলক উদ্যোগ বেরিয়ে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে শান্তিদূত লাখদার ব্রাহিমির আলোচনার মধ্য দিয়ে সিরিয়া-সংকট সমাধানে গঠনমূলক উদ্যোগ বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে দামেস্ক। তবে এ জন্য অবশ্যই দুই পক্ষকে যেকোনো শান্তি পরিকল্পনার প্রতি সম্মান জানাতে হবে। সিরিয়া-সংকট নিয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্রাহিমি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ ও বিরোধীদের সঙ্গে বৈঠকেও এ আহ্বান জানান ব্রাহিমি।সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকাদিসির বরাত দিয়ে জানায়, ব্রাহিমির সফরের ফল জানার জন্য সিরিয়া অপেক্ষা করছে। তিনি এমন কিছু দেশও সফর করেছেন, যারা সিরিয়ার বিদ্রোহীদের সাহায্য দিচ্ছে।সানা জানায়, মাকাদিসি আশা প্রকাশ করেন, ব্রাহিমির এই সফরে এমন কিছু বিষয় বেরিয়ে আসবে, যা সিরিয়া-সংকট সমাধানে গঠনমূলক উদ্যোগকে সফল করে তুলবে। প্রায় ১৯ মাস আগে শুরু হওয়া সিরিয়া-সংকটে ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।ব্রাহিমি গত রোববার ইরানের নেতাদের সঙ্গে আলোচনার পর পবিত্র ঈদুল আজহার আগে সিরিয়ায় যুদ্ধবিরতির ব্যাপারে সহায়তার আহ্বান জানান। ইরান ওই অঞ্চলে সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ব্রাহিমি এরই মধ্যে তুরস্ক, সৌদি আরব ও মিসর সফর করেন। ওই অঞ্চলে সফরের অংশ হিসেবে গতকাল বুধবার ব্রাহিমি লেবানন পৌঁছান।ব্রাহিমির মুখপাত্র আহমেদ ফৌজি সাংবাদিকদের বলেন, ‘সিরিয়ায় রক্তপাত বন্ধ করতে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ লেবানন সরকারের একজন কর্মকর্তা জানান, ব্রাহিমি লেবাননের প্রেসিডেন্ট মিশেল স্লেইম্যান, প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করবেন। এএফপি।