ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজে আগুন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজ গত মঙ্গলবার যাত্রা শুরু করার সময় তাতে আগুন ধরে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক বিমানটি থামিয়ে আতঙ্কিত যাত্রীদের দ্রুত বের করে নেওয়া হয়। খবর এএফপি ও বিবিসির।
ম্যাকক্যারান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটিতে মোট ১৫৯ জন যাত্রী ও ১৩ জন ক্রু সদস্য ছিলেন। আহত ১৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন জানায়, ২৫৭ আসনের বোয়িং ৭৭৭ বিমানটি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটায় যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। তখনই এর বাঁ দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। ধোঁয়া ও আগুনের শিখা চারপাশ ঘিরে ফেললে তাৎক্ষণিকভাবে বিমানটি থামিয়ে দেওয়া হয়। এরপর দ্রুত আরোহীদের নেমে যাওয়ার ব্যবস্থা করা হয়। গুরুতর আহত না হলেও ১৪ জনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
বিনোদনের জন্য খ্যাত মরু শহর লাস ভেগাস থেকে বিমানটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছিল। ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায়, ‘কারিগরি সমস্যার’ কারণেই এতে আগুন ধরে যায়। বিমানবন্দরের জরুরি সেবা বিভাগের কর্মীরা দ্রুত ওই আগুন নিভিয়ে ফেলেন।
উড়োজাহাজটির পাইলট পরে যাত্রীদের বলেন, ইঞ্জিনের গুরুতর ব্যর্থতাই এ দুর্ঘটনার কারণ। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন ধরে যাওয়ার পর আরোহীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। কেবিনের ভেতরটা ধোঁয়ায় ভরে গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র ইয়ান গ্রেগর বলেন, বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের মুখপাত্র এরিক ওয়েইস জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে সব ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে।