ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে আগুন

আজ যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৩ জন। বিমানবন্দর থেকে ওড়ার আগে এই ঘটনা ঘটে। আজ বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, উড্ডয়নের আগে বোয়িং ৭৭৭-২০০ বিমানটির বাম দিকের ইঞ্জিনে আগুন লাগে। এতে বিমানের চারপাশ ধোঁয়ায় ভরে যায়। পরে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হলেও ১৩ যাত্রী সামান্য আহত হন। বিমানে ১৫৯ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে (বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৫টা) লাস ভেগাস বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটেছে।
প্লেনে থাকা প্রত্যক্ষদর্শী গার্ডিয়ানের সাংবাদিক জ্যাকব স্টেইনবার্গ এক টুইটে বলেছেন, ‘বিমান ছাড়ার সময় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়ে বিমানটি থেমে যায়। ধোঁয়ার গন্ধ পাই। প্রথমে স্থিরভাবে বসে থাকতে বলা হয়। পরে দ্রুত বের হওয়ার জন্য বলা হয়।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, বের হওয়ার একটি দরজা খুললে কেবিনের মধ্যেও ধোঁয়া চলে আসে। তখন এটি অনিরাপদ বলে ঘোষণা দেওয়া হয়।