যুক্তরাজ্যে ছাত্র ভিসা নেওয়ার পদ্ধতিতে বড় জালিয়াতির ঘটনা ফাঁস করে দিয়েছে বিবিসি। বিবিসি প্যানারোমা নামের টেলিভিশন প্রামাণ্যচিত্র কর্মসূচির আওতায় ওই ঘটনা উঠে আসার পর একটি নামকরা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত ইংরেজি ভাষা পরীক্ষা স্থগিত করেছে দেশটির
স্বরাষ্ট্র দপ্তর।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) নয়, এমন দেশগুলোর প্রায় এক লাখ শিক্ষার্থী প্রতিবছর যুক্তরাজ্যে অতিরিক্ত সময় থাকতে ভিসা পেয়ে থাকেন। ভিসা পাওয়ার জন্য সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানে ইংরেজি পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এই পরীক্ষার আয়োজন করে ইংলিশ টেস্টিং সার্ভিস, যেটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ভাষা পরীক্ষাবিষয়ক প্রতিষ্ঠান।
ভাষা পরীক্ষায় জালিয়াতির বিষয়টি ধরার জন্য বছর খানেক ধরে কাজ করে বিবিসি প্যানারোমা। তারা কিছু শিক্ষার্থীকে (তাঁরা যুক্তরাজ্যে বৈধভাবে রয়েছেন) গোপনে পরীক্ষা দিতে পাঠায়। শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বলতার ভান করেন এবং যুক্তরাজ্যে অবৈধভাবে থেকে গিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
ওই শিক্ষার্থীদের একজন ওয়েস্ট লন্ডনের সাউথ হলে অবস্থিত স্টুডেন্টওয়ে এডুকেশন নামের একটি প্রতিষ্ঠানে যান। প্রতিষ্ঠানটির পরিচালক বীরেন্দর বজরা ওই শিক্ষার্থীকে ‘নিশ্চিত পাস’ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৫০০ ইউরো চান, যা স্বাভাবিক ফি-এর চেয়ে
তিন গুণ।
অর্থ পরিশোধের পর ওই শিক্ষার্থীকে পরীক্ষার জন্য পূর্ব লন্ডনের ইডেন কলেজ ইন্টারন্যাশনালে পাঠানো হয়, এটি সরকার অনুমোদিত পরীক্ষাকেন্দ্র। পরীক্ষার জন্য তাঁকে একটি কম্পিউটারের সামনে বসানো হয়, তবে তাঁকে কোনো পরীক্ষা দিতে হয়নি।
ওই পরীক্ষাকেন্দ্রে এদিন যে ১৪ জন প্রার্থী ছিলেন, তাঁদের প্রত্যেকের জন্য একজন করে ভুয়া পরীক্ষার্থী ছিল। তারাই মৌখিক ও লিখিত পরীক্ষা দিয়ে দেয়। আসল পরীক্ষার্থীদের কেবল ছবি তোলার জন্য সেখানে অপেক্ষায় বসে থাকতে হয়।
এক সপ্তাহ পরে নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য ওই শিক্ষার্থী আবার কলেজটিতে যান। এবার তাঁকে পরীক্ষা দিতে হয় ঠিকই, তবে পরিদর্শকেরা সব প্রশ্নের উত্তর বলে দেন। কয়েক দিন পরে ওই শিক্ষার্থী স্টুডেন্টওয়েতে গেলে, তাঁকে একটি টিওইআইসি পরীক্ষার সনদ দেওয়া হয়। তিনটি পরীক্ষাতেই তিনি উচ্চ স্কোর পেয়েছেন।
বিবিসি প্যানারোমার ভিডিও স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসাকে দেখানো হয়েছে। এরপর তিনি বলেন, ‘প্যানারোমা যা উন্মোচিত করেছে, তা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই বেদনাদায়ক ঘটনা...লোকজন যেসব নথিপত্র দিচ্ছে এবং এর পেছনে কী ধরনের জালিয়াতি রয়েছে, সেসব বিষয় আমাদের খতিয়ে দেখতে হবে।’ বিবিসি।