ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে গাড়ি বিধ্বস্ত, আহত ২

যুক্তরাজ্যে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে নিরাপত্তা সীমানার ভেতর গাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে দুজন সাইকেল আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত।
স্কটল্যান্ড ইয়ার্ডের কাউন্টার-টেররিজম ইউনিট ঘটনাটি তদন্ত করছে। পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর কর্মীরা স্থানটি ঘিরে রেখেছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, গাড়িটি যেভাবে বিধ্বস্ত হয়েছে, এতে মনে হয়েছে ঘটনাটি স্বেচ্ছায় ঘটানো হয়েছে। পুলিশ ঘটনাটির সঙ্গে জঙ্গি হামলার সম্পৃক্ততার বিষয়ে এখনই কিছু বলতে চাইছে না।
প্রত্যক্ষদর্শী লোকজনের ভাষ্য, রুপালি রঙের ছোট গাড়িটি উল্টো পথে আসছিল। অপেক্ষারত সাইকেল আরোহীদের ওপর গাড়িটি তুলে দেওয়া হয়। এরপর গাড়িটি কিছুটা পেছনে এসে যতটা সম্ভব তীব্র গতিতে সীমানায় এসে আঘাত হানে। গাড়িটি ধাক্কা খেয়ে লাফিয়ে ওপরে উঠে যায়। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ এসে হাজির হয়।
জেসন উইলিয়ামস নামে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, গাড়িটি ৪০ মাইলের বেশি বেগে আসে। বিধ্বস্ত হওয়ার পর গাড়িটি দিয়ে ধোঁয়া বের হতে থাকে। এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাঁর মতে, কমপক্ষে ১০ জনকে তিনি রাস্তায় পড়ে থাকতে দেখেছেন। প্রাণভয়ে তিনি সেখান থেকে দৌড়ে সরে যান। তিনি বলেন, ঘটনাটি দেখে দুর্ঘটনা বলে মনে হয়নি। মনে হয়েছে, ইচ্ছাকৃতভাবে এটা ঘটানো হয়েছে।