ব্রিটিশ পার্লামেন্টে বাঙালি
ব্রিটেনের সাধারণ নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। ৬ মে জনগণ জবাব দেবে, তারা কি ১৩ বছরের সেই লেবার পার্টিকেই ক্ষমতায় বহাল রাখবে, নাকি পরিবর্তনের পথে পা বাড়াবে। নির্বাচনকে ঘিরে যে কয়েকটি জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে, সে অনুযায়ী লেবার, কনজারভেটিভ কিংবা লিবারেল ডেমোক্র্যাট—কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সে কারণে এখন পর্যন্ত নির্বাচনী বিশ্লেষকেরা বলছেন, ২০১০ সালের নির্বাচনে ব্রিটেন ঝুলন্ত পার্লামেন্টের পথেই হাঁটছে।নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, চলতি বছর ব্রিটিশ পার্লামেন্টে সবচেয়ে বড় চমক একজন বাঙালি এমপির অভিষেক! বিয়য়টি এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। বাঙালি-অধ্যুষিত বেথনালগ্রিন ও বো নির্বাচনী এলাকায় বড় বড় রাজনৈতিক দল বাঙালি প্রার্থী মনোনয়ন দেওয়ার মাধ্যমে ব্রিটেনে বাঙালির তিন দশকের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। লেবার-দলীয় প্রার্থী রুশনারা আলীকে ইভনিং স্ট্যান্ডার্ড পত্রিকা বলছে এক হাজার শক্তিশালী লন্ডনবাসীর একজন। তাঁর প্রার্থিতা নিশ্চিত হয়েছে চার বছর আগেই। সিলেটের বিশ্বনাথে জন্ম নেওয়া এই মেধাবী বিলেতে আসেন সাত বছর বয়সে। গ্র্যাজুয়েশন করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। বেড়ে উঠেছেন পূর্ব লন্ডনে। তাঁর আদর্শ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন লেবার পার্টির ইশতেহার রচয়িতা মাইকেল ইয়াং। ১৭ বছর আগে যে আদর্শ ধারণ করে রুশনারা লেবার পার্টিতে যোগ দিয়েছেন, সেই পার্টির হয়ে এখন বেথনালগ্রিন ও বো আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। নির্বাচিত হলে রুশনারা কর্মসংস্থানের প্রতি বেশি নজর দেবেন বলে জানিয়েছেন। রুশনারার পূর্বসূরি উনা কিং ইতিপূর্বে এ আসনের এমপি ছিলেন। বিগত নির্বাচনে জর্জ গ্যালাওয়ে উনা কিংকে পরাজিত করে বেথনালগ্রিন ও বো আসনে এমপি নির্বাচিত হন। জর্জ গ্যালাওয়ের প্রতিশ্রুতি ছিল, তাঁকে নির্বাচিত করলে তিনি আগামী নির্বাচনে বেথনালগ্রিন ও বো নির্বাচনী এলাকা ছেড়ে দেবেন বাঙালির জন্য, জর্জ কথা রেখেছেন। এবার তাঁর উত্তরসূরি হিসেবে রেসপেক্ট দল থেকে মনোনয়ন পেয়েছেন আবজল মিয়া। সিলেটের গোলাপগঞ্জের বাঘিরঘাটে জন্ম নেওয়া আবজল মিয়া বিলেতে আসেন ছয় বছর বয়সে। নৃ-তত্ত্ব ও সামাজিক বিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেছেন লন্ডনের গোল্ড স্মিথ কলেজ থেকে। হাউজিং সমস্যার সমাধানের দিকে তিনি নজর দেবেন সবার আগে। পাশাপাশি ছাত্রদের উচ্চ হারে টিউশন ফির বিরুদ্ধে তিনি। এই সমস্যার কারণে বাংলাদেশিদের মতো দরিদ্র জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার হার কমছে। নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ দল মনোনয়ন দিয়েছে জাকির খানকে। সিলেটের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে জন্ম নেওয়া জাকির বাবা-মায়ের সঙ্গে বিলেতে আসেন পাঁচ বছর বয়সে। বর্তমানে ক্যানারি ওয়ার্ফ গ্রুপের হেড অব কমিউনিটি অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করছেন। তাঁর নির্বাচনী অঙ্গীকার—টরি দলের অভিবাসন নীতি নিয়ে যে বিতর্ক রয়েছে সেটি দূর করা, অভিবাসীদের বৈধ করে সরকারকে কর দিতে সহায়তা করবেন তিনি। তবে ব্রিটিশ জনগণের কাজের ক্ষেত্র নিশ্চিত করতে অদক্ষ অভিবাসীদের প্রতি তাঁদের কোনো সমর্থন থাকবে না।সিলেটের ছাতকে জন্ম নেওয়া আজমল মাশরুর প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্র্যাট পার্টির টিকিটে। সিলেট শাহজালাল জামিয়া মাদ্রাসায় লেখাপড়া ছাড়াও ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আরবি ভাষা ও রাজনীতির ওপর মাস্টার্স করেছেন। ব্রিটেনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় টক শোর জন্যও পরিচিত আজমল মাশরুর। এ ছাড়া গ্রিন পার্টি থেকে ফরিদ বখত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার আহমেদ এ মালিক এই আসনে লড়বেন। বেথনালগ্রিন ও বো নির্বাচনী আসনে প্রার্থীর সংখ্যা ১১। এ ছাড়া ওয়েস্ট সাফোক নির্বাচনী এলাকা থেকে ওহিদ আহমেদ, কার্সালটন ওয়েলিংটন এলাকা থেকে শফি খান, ডেবিজেস থেকে জুনাব আলী, ওল্ডহাম থেকে শহিদ মিয়া, পপলার ও লাইম হাউস থেকে কবির মাহমুদ এমপি পদে লড়বেন।তবে বেথনালগ্রিন ও বো নির্বাচনী এলাকায় মূল লড়াই হবে লেবার দলের রুশনারা আলী ও রেসপেক্ট দলের আবজল মিয়ার মধ্যেই।