ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার ব্যাপারে পার্লামেন্টের অনুমোদন চাইবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ লক্ষ্যে আজ শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।
এদিকে সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রিত তেল শোধনাগারসহ বিভিন্ন অবস্থানে গত বুধবার টানা তৃতীয় রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। খবর বিবিসি, গার্ডিয়ান, রয়টার্স ও এপির।
নিউইয়র্কে বুধবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ক্যামেরন পার্লামেন্টের অনুমোদন নেওয়ার বিষয়টি তোলেন। ক্যামেরন তাঁর বক্তব্যে আইএসের নৃশংসতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, আইএসের বর্বরতা বিশ্বকে স্তম্ভিত করেছে। বিদেশি যোদ্ধাদের ইরাক ও সিরিয়ায় প্রবেশ ঠেকাতে ভ্রমণনিষেধাজ্ঞা বিষয়ে নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবকে সমর্থন করেন ক্যামেরন।
সিরিয়া থেকে অপহৃত ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইনসকে সম্প্রতি আইএস জঙ্গিরা গলা কেটে হত্যা করে এর ভিডিও প্রকাশ করে।
আইএসবিরোধী জোটে যুক্তরাজ্যের অংশ নেওয়ার বিষয়টি পার্লামেন্টে সহজেই অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি, তাদের শরিক দল লিবারেল ডেমোক্র্যাটস ও প্রধান বিরোধী দল লেবার পার্টি আইএসবিরোধী লড়াইয়ে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে।
গতকাল কট্টরপন্থী আলেম আনজেম চৌধুরীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। তবে আসন্ন হামলার হুমকির কারণে নয়, বরং জঙ্গিবাদবিষয়ক চলমান তদন্তের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়। আনজেম চৌধুরী নিষিদ্ধঘোষিত সংগঠন আল-মুহাজিরুনের যুক্তরাজ্য শাখার প্রধান ছিলেন।
সিরিয়ায় জোটের হামলা: এদিকে সিরিয়ায় আইএসের দখলে থাকা তেল শোধনাগারগুলোতে বুধবার রাতে ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে হামলা করা হয়। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, কয়েকটি তেল শোধনাগারে ‘মাঝারি মাত্রায়’ সফল হামলা চালানো হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ওই হামলায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অংশ নেয়।
আবার হামলা ফ্রান্সের: ফ্রান্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ইরাকে আইএসের অবস্থান লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে ফরাসি যুদ্ধবিমান। ফ্রান্স ইরাকে গত সপ্তাহ থেকে আইএসবিরোধী হামলা চালিয়ে গেলেও সিরিয়ায় চলমান হামলায় অংশ নেয়নি। এদিকে সম্ভাব্য প্রতিশোধমূলক জঙ্গি হামলার আশঙ্কায় ফ্রান্সের ব্যস্ত সড়ক, রেলস্টেশন ও বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।