ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেবেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। ওই সময় তিনি ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেওয়ার বিরল সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রে গ্রুপ অব এইটের (জি-৮) একটি সম্মেলন চলাকালে যুক্তরাজ্যের কর্মকর্তারা গতকাল এ কথা জানিয়েছেন।সম্মেলনে প্রধানমন্ত্রী ক্যামেরনের সফরসঙ্গী ওই কর্মকর্তারা সাংবাদিকদের জানান, যুক্তরাজ্যে সফরসংক্রান্ত ক্যামেরনের প্রস্তাব গ্রহণ করেছেন শান্তিতে নোবেলজয়ী সু চি। আগামী ১৮ জুন থেকে এক সপ্তাহ তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পক্ষ থেকে গত মাসে জানানো হয়েছিল, জুনে নরওয়ে ও যুক্তরাজ্যে সফরে যাবেন সু চি, যেটা হবে গত ২৪ বছরের মধ্যে নিজ দেশের বাইরে তাঁর প্রথম সফর। তবে এই প্রথম বিষয়টি নিশ্চিত করলেন ব্রিটিশ কর্মকর্তারা।কর্মকর্তারা জানান, সফরের সময় ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেবেন সু চি। এটি তাঁর জন্য হবে এক বিরল সম্মান। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ব্যক্তিরা এর আগে এ সম্মান পেয়েছেন। অক্সফোর্ডের যে বিশ্ববিদ্যালয়ে সু চি পড়াশোনা করেছেন, সফরকালে সেখানেও যাওয়ার কথা রয়েছে তাঁর।সু চির এই সফর গত কয়েক মাসে মিয়ানমারের রাজনৈতিক দৃশপটের নাটকীয় পরিবর্তনকে ইঙ্গিত করে। এর মধ্যে রয়েছে গত ১ এপ্রিলের উপনির্বাচন, যেখানে একটি আসন থেকে অংশ নিয়ে জয়ী হন সু চি। ৬৬ বছর বয়স্ক সু চিকে ১৯৮৯ সালে প্রথম বন্দী করা হয়। ২০১০ সালের নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত বিগত ২১ বছরের মধ্যে ১৫ বছরই তাঁকে কারাবন্দী থাকতে হয়েছে। মাঝে স্বল্প সময়ের জন্য মুক্তি পেলেও তিনি বিদেশে যেতে চাননি এই ভয়ে যে তাঁকে হয়তো আর দেশে ফিরে আসতে দেওয়া হবে না।গত এপ্রিল মাসে ইয়াঙ্গুন সফরের সময় প্রধানমন্ত্রী ক্যামেরন সু চিকে যুক্তরাজ্য সফরের ওই আমন্ত্রণ জানান। সু চির স্বামী ব্রিটিশ নাগরিক মাইকেল অ্যারিস ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।ব্রিটিশ কর্মকর্তারা জানান, মিয়ানমারে ‘নির্ভরযোগ্য’ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী ক্যামেরন জি-৮ সম্মেলনে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের রূপরেখার প্রস্তাব দিতে পারেন। কমিশনে বিশ্বব্যাংক, অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি এবং মানবাধিকার সংগঠনগুলো থেকে প্রতিনিধি নেওয়া হতে পারে।সাম্প্রতিক সময়ে মিয়ানমার বিভিন্ন গণতান্ত্রিক সংস্কার হাতে নেওয়ায় এবং বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা পোষণ করায় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডা ও অস্ট্রেলিয়া এরই মধ্যে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা স্থগিত করার পদক্ষেপ নিয়েছে। রয়টার্স।