ব্রিটিশ পার্লামেন্টের বাইরে থেকে এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গতকাল শুক্রবার পুলিশের ওপর হামলায় উদ্যত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মার্চ মাসে সন্ত্রাসী খালিদ মাসুদের ছুরিকাঘাতে পুলিশ নিহত হওয়ার স্থানের কয়েক গজ দূরে এ ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, সন্দেহজনক গতিবিধির জন্য এক ব্যক্তির দিকে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে লোকটি দৃশ্যত ছুরি বের করার চেষ্টা করেন। তখন টেসার (বৈদ্যুতিক শক দেওয়ার পিস্তলবিশেষ) প্রয়োগ করে তাঁকে ধরাশায়ী করা হয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, আটকের আগে দাড়িওয়ালা, কালো প্যান্ট ও ধূসর শার্ট পরা লোকটিকে উত্তেজিত দেখাচ্ছিল। লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ড পত্রিকার রাজনীতিবিষয়ক সম্পাদক জো মরফি টুইটারে লিখেছেন, ‘ওই সময় ছুরি, ছুরি, ছুরি বলে লোকজন চিৎকার করছিল। এরপর টেসার মেরে পুলিশ একজনকে ধরাশায়ী করে।’
গত ২২ মার্চ ব্রিটিশ পার্লামেন্টে অধিবেশন চলাকালে ওয়েস্টমিনস্টার সেতুতে লোকজনের ওপর গাড়ি তুলে দেন খালিদ মাসুদ। এরপর তিনি ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে এক পুলিশ কনস্টেবল নিহত হন। গাড়িচাপায় নিহত হন চারজন এবং পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী।