ব্রিটিশ প্রতিমন্ত্রীকে 'ফেলে দিতে' চেয়েছিলেন ইসরায়েলি কূটনীতিক

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালান ডানকান ইসরায়েলের জন্য ‘অনেক সমস্যা’ সৃষ্টি করায় তাঁকে ‘ফেলে দেওয়ার’ ইচ্ছা প্রকাশ করেছিলেন যুক্তরাজ্যে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের এক কর্মকর্তা। গত অক্টোবরে যুক্তরাজ্যের এক সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপকালে এমন ইচ্ছা কথা প্রকাশ করেন সাই মাসত নামের ওই কূটনীতিক।
আল-জাজিরার তোলা একটি গোপন ভিডিও চিত্রে এ কথোপকথনের দৃশ্য ধরা পড়েছে। সাই মাসত ইসরায়েলি দূতাবাসের জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা। তিনি কথা বলছিলেন যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী এবং ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান রবার্ট হ্যাফনের সহযোগী মারিয়া স্ট্রিজ্জলোর সঙ্গে। হ্যাফন নিজেও ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল।
আল-জাজিরার একজন সাংবাদিক নিজের পরিচয় গোপন রেখে নিজেকে ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল হিসেবে তুলে ধরে মাসত ও মারিয়ার ঘনিষ্ঠ হন। ছয় মাস ধরে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে ওই সাংবাদিক সুযোগ বুঝে ভিডিওটি ধারণ করেন।
আলাপচারিতায় মাসতকে আরও কয়েকজন ব্রিটিশ এমপিকেও ‘সরিয়ে দেওয়ার’ ইচ্ছা প্রকাশ করতে দেখা গেছে।
অ্যলান ডানকানের ওপর সাই মাসতের খ্যাপার মূল কারণ পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের সমালোচনা করেছিলেন ডানকান।
এই ঘটনা নিয়ে যুক্তরাজ্যে সমালোচনার ঝড় উঠেছে। কূটনৈতিক দায়মুক্তি থাকায় মাসতের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না যুক্তরাজ্য। কিন্তু এটিকে ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন দেশটির কর্মকর্তারা।
ইসরায়েল বিভিন্ন সময় নানা দেশে গোপন অভিযান চালায় বলে যে ধারণা প্রচলিত আছে, এটিকে তার বড় একটি প্রমাণ হিসেবে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্যে ইসরায়েলের রাষ্ট্রদূত মার্ক রেগেভ অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। বলেছেন, এটি মাসতের একান্ত ব্যক্তিগত মন্তব্য। এটি ইসরায়েল কিংবা দূতাবাসের কোনো মন্তব্য নয়। রাষ্ট্রদূত পরে মন্ত্রী ডানকানের সঙ্গে কথা বলে ক্ষমা চান।
ভিডিও চিত্রে দেখা যায়, লন্ডনের একটি রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ করছেন মাসত ও মারিয়া। মাসত মারিয়াকে বলছেন, ‘আমি কি তোমাকে এমন কয়েকজন এমপির নাম বলব যাঁদের তোমার “ফেলে” দেওয়া উচিত বলে মনে করি?’ একপর্যায়ে নির্দিষ্ট করে ডানকানের নাম উল্লেখ করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে ‘মূলত ভালো লোক’ হিসেবে দেখলেও তাঁকে ‘গর্দভ’ হিসেবেই মূল্যায়ন করেন ইসরায়েলের কূটনীতিবিদ। মাসতকে বলতে শোনা যায়, ‘তাঁর (জনসনের) কোনো দায়িত্ববোধ নেই।’
বিবিসি জানিয়েছে, এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক কমিটির চেয়ারম্যান ক্রিসপিন ব্ল্যান্ট বলেন, বিদেশের মাটিতে একজন কূটনীতিবিদের এই আচরণ আতঙ্কজনক। এর তদন্ত হওয়া দরকার।