ব্রিটিশ ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করলেন গু কাইলাই
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক প্রভাবশালী নেতা বো শিলাইয়ের স্ত্রী গু কাইলাই ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেইউডকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে এই হত্যাকাণ্ডের জন্য তিনি তাঁর ‘মানসিক বিপর্যয়’কে দায়ী করেন।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল শনিবার জানায়, ব্রিটিশ নাগরিক নেইলের মৃত্যুকে ‘ট্র্যাজেডি’ বলে উল্লেখ করে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন গু কাইলাই। এ হত্যাকাণ্ডের অপরাধে যেকোনো সাজাও স্বাভাবিকভাবে মেনে নেবেন তিনি।গত বৃহস্পতিবার হেফেই নগরের একটি আদালতে ওই ঘটনায় দায়ের হওয়া মামলার বিচারে গু কাইলাইয়ের বিরুদ্ধে নেইল হেইউডকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ আনা হয়। তবে রায় এখনো ঘোষণা করা হয়নি।সিনহুয়া আরও জানায়, কাইলাইয়ের সহযোগী ঝ্যাং সিয়াজুনও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি হেইউডের স্বজনের কাছে এ জন্য ক্ষমা প্রার্থনা করতে চান বলেও জানান। দোষী সাব্যস্ত হলে গু কাইলাই ও ঝ্যাং সিয়াজুনের মৃত্যুদণ্ড হতে পারে।এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগে গত শুক্রবার চার পুলিশ কর্মকর্তা বিচার শুরু হয়েছে। বিবিসি।