ব্রিটিশ মন্ত্রী ওয়ারসির বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
ভাড়াবাড়িতে না থেকেও বাড়িভাড়া বাবদ ভাতা নেওয়ার অভিযোগে ফেঁসে যেতে পারেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী মন্ত্রী সৈয়দা ওয়ারসি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির যুগ্ম চেয়ারম্যান ওয়ারসির বিরুদ্ধে ওই অভিযোগ তদন্তে গত বুধবার কাজ শুরু করেছে সে দেশের পার্লামেন্ট।পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ওয়ারসির বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৮ সালে তাঁর এক বন্ধুর সঙ্গে থাকতেন। সেখানে তাঁকে কোনো ভাড়া দেওয়া লাগেনি। এর পরও তিনি বাড়িভাড়া বাবদ সরকারি ভাতা নিয়েছেন।তবে দপ্তরবিহীন মন্ত্রী ওয়ারসি দাবি করেছেন, তিনি ভাড়া হিসেবে তাঁর বন্ধু নাভিদ খানকে ‘যথোপযুক্ত’ অর্থ দিয়েছেন। কোনো হোটেলে অবস্থান করলে তাঁকে যে পরিমাণ অর্থ গুনতে হতো, অঙ্কটা সেই পরিমাণ।তবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর মধ্য ও ডানপন্থী দলের কো-চেয়ারম্যান ওয়ারসির বিরুদ্ধে অন্য একটি ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার পর এ বিষয়েও তদন্ত শুরু হলো। ক্যামেরন যে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন, সেটি ওয়ারসির একটি সফর নিয়ে। ২০১০ সালে ওয়ারসি তাঁর একটি খাদ্য প্রস্তুতকারী কোম্পানির ব্যবসায়িক সহযোগী আবিদ হাসানকে সঙ্গে নিয়ে পাকিস্তানে এক দাপ্তরিক সফরে যান। এর মাধ্যমে মন্ত্রীদের আচরণবিধি-সংক্রান্ত আইন ভঙ্গ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী ক্যামেরন গত সোমবার তাঁর মন্ত্রীদের স্বার্থ দেখভালকারী উপদেষ্টা অ্যালেক্স অ্যালানকে নির্দেশ দেন।মন্ত্রী ওয়ারসি ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী ক্যামেরনকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেন, ‘আমি স্বীকার করে নিচ্ছি, আবিদ হাসানের সঙ্গে আমার ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে কর্মকর্তাদের আগেই জানানো উচিত ছিল। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার ব্যর্থতার জন্য সরকারকে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে, সে জন্য আমি অনুতপ্ত।’এর আগে ২০০৯ সালে বাড়িভাড়ার ভাতা গ্রহণ নিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর কয়েকজন পার্লামেন্ট সদস্যের জেল হয়। ওই প্রতিবেদনে দেখানো হয়েছিল, করদাতাদের অর্থ কীভাবে টেলিভিশন, বাড়ির আসবাব, এমনকি ডাকহাউসের পেছনে ব্যয় করা হচ্ছে। এএফপি, দ্য নিউজ।