ব্রিটিশ মুসলিম নীতির সমালোচনায় ভার্সি

যুক্তরাজ্য সরকারের মুসলিম নীতির তীব্র সমালোচনা করে ক্ষমতাসীন দলের সাবেক কো-চেয়ারম্যান ব্যারোনেস সাইয়েদা ভার্সি বলেছেন, ব্রিটিশ মুসলিমদের প্রতি সরকারের আচরণ সন্দেহ এবং অবিশ্বাসের পরিবেশ তৈরি করেছে। গত রোববার ব্রিটিশ ইংরেজি দৈনিক অবজারভার-এ প্রকাশিত কলামে ভার্সি লিখেছেন, মন্ত্রিসভায় দায়িত্ব পালনের সময় তিনি দেখেছেন, মুসলিমদের উদ্বেগের বিষয়গুলো প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা কীভাবে উপেক্ষা করেন।
পাকিস্তানি বংশোদ্ভূত সাইয়েদা ভার্সি ব্রিটিশ মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম ছিলেন। তিনি দেশটির বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ফরেন অ্যান্ড কমনওয়েলথবিষয়ক জ্যেষ্ঠ মন্ত্রী এবং ফেইথ অ্যান্ড কমিউনিটিবিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। গত অক্টোবর মাসে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বোমা হামলা চলাকালে ব্রিটিশ গাজা নীতিকে ‘নৈতিকভাবে অগ্রহণযোগ্য’ দাবি করে ভার্সি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
সম্প্রতি ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের নিয়ে বিতর্ক শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার যুক্তরাজ্যের কমিউনিটিজ সেক্রেটারি (সমাজকল্যাণমন্ত্রী) এরিক পিকলস দেশটির এক হাজার ইমামের কাছে ইসলামি উগ্রবাদ দমনে সহায়তা চেয়ে চিঠি লেখেন। ওই চিঠিতে মুসলিমরা ব্রিটিশ সমাজ থেকে বিচ্ছিন্ন—এমন ইঙ্গিত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যার সূত্র ধরে ভার্সি ব্রিটিশ সরকারের মুসলিম নীতির বিচ্যুতি তুলে ধরতে তাঁর দীর্ঘ নীরবতা ভঙ্গ করেন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মুহূর্তগুলোর কথা তুলে ধরে ভার্সি লেখেন, প্রতিবছর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যুক্তরাজ্যের ইহুদি কমিউনিটির নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যা এবং উদ্বেগের কথা শোনেন। কিন্তু¯ মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়গুলোর সঙ্গে একই রকম বৈঠকের অনুরোধ জানানো হলে প্রধানমন্ত্রী তাতে সায় দেননি।
ভার্সি লিখেছেন, ২০১১ সালের জানুয়ারি মাসে তিনি সরকারকে সতর্ক করেছিলেন যে, যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষ একটি সামাজিকভাবে গ্রহণযোগ্য সংস্কৃতিতে রূপ নিচ্ছে। এর ফলে মুসলিমরা ঘৃণার শিকার হবেন। কিন্তু আজ পর্যন্ত সরকার এ বিষয়ে একটি বাক্যও উচ্চারণ করেনি।
মুসলিমদের প্রতি সম্পর্ক নির্ধারণের লক্ষ্যে বর্তমান সরকার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল উল্লেখ করে ভার্সি লিখেছেন, ওই কমিটি কোনো তথ্য-প্রমাণ ছাড়াই মুসলিম ব্যক্তি এবং সংগঠনগুলোকে সন্দেহের চোখে দেখা শুরু করে। যার ফলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সরকারের দূরত্ব বাড়ে এবং উগ্রবাদ দমনের কাজটিও অকার্যকর হয়ে ওঠে।