ব্রিটিশ হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ হেলিকপ্টার নির্মাতাপ্রতিষ্ঠান অগাস্টাওয়েস্টল্যান্ডকে কারণ দর্শানোর চূড়ান্ত নোটিশ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নোটিশে ভারতকে ১২টি হেলিকপ্টার সরবরাহের চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিকে ২১ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র গত বৃহস্পতিবার জানায়, হেলিকপ্টার সরবরাহপূর্ব ‘সততা চুক্তি’ ও হেলিকপ্টার সংগ্রহ চুক্তি লঙ্ঘন করায় অগাস্টাওয়েস্টল্যান্ডকে ওই নোটিশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনের জন্য ভারত সরকার ১২টি ভিভিআইপি হেলিকপ্টার কেনার জন্য অগাস্টাওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করেছিল। এ জন্য খরচ হবে ৩৬ হাজার কোটি রুপি। ২০১০ সালে ওই চুক্তি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সততা চুক্তিতে বলা হয়েছে, চুক্তি সুরক্ষিত করতে অগাস্টাওয়েস্টল্যান্ড তৃতীয় কোনো পক্ষের সঙ্গে সমঝোতায় যাবে না বা ঘুষ দেবে না। কিন্তু গত কয়েক মাসের অনুসন্ধানে দেখা যায়, চুক্তি সুরক্ষায় অগাস্টাওয়েস্টল্যান্ড ও তার মূল প্রতিষ্ঠান পাঁচ কোটি ১০ লাখ ইউরো ঘুষ দিয়েছে। এই ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিমানবাহিনীর সাবেক প্রধান এস পি তায়েগি ও তাঁর কয়েকজন স্বজনের বিরুদ্ধে।
ইতিমধ্যে বিমানবাহিনী ওই চুক্তির আওতায় তিনটি হেলিকপ্টার গ্রহণ করলেও বাকিগুলো গ্রহণ স্থগিত রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।