ব্রিটিশপার্লামেন্ট ভবন পাঁচ বছরের জন্য বন্ধ হতে পারে
যুক্তরাজ্যের বর্তমান ঐতিহ্যিক পার্লামেন্ট ভবন (হাউসেস অব পার্লামেন্ট) পাঁচ বছরের জন্য বন্ধ রাখা হতে পারে। লন্ডনে অবস্থিত এই ভবনের প্রয়োজনীয় সংস্কারকাজের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সাপ্তাহিক দ্য সানডে টাইমস এ খবর দিয়েছে।পত্রিকাটির খবরে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনের পানি সরবরাহ ও বিদ্যুৎ-ব্যবস্থা মেরামত এবং পুরো ভবনকে ঘষেমেজে ঝকঝকে তকতকে করে তোলাসহ বেশ কিছু বিকল্প সামনে রাখা হয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স ও উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সভাস্থল প্যালেস অব ওয়েস্টমিনস্টারকে চিরতরে বাদ দেওয়ার বিষয়টিও এর মধ্যে রয়েছে।হাউস অব কমন্সের একজন মুখপাত্র পত্রিকাটিকে বলেন, ‘ভবনটির দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কাজে যেসব বিকল্প খোলা রয়েছে, তার ওপর একটি প্রাথমিক সমীক্ষা চালানোর উদ্যোগ নিচ্ছেন কর্মকর্তারা। আশা করা হচ্ছে, হাউস অব কমন্স কমিশন ও হাউস অব লর্ডস কমিটি চলতি বছরের শেষ নাগাদ এই প্রাথমিক সমীক্ষার ফলগুলো বিবেচনা করে দেখবে।প্রসঙ্গত, ১৮৭০ সালে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের নির্মাণকাজ শেষ হয়। সর্বশেষ গত শতকের চল্লিশের দশকে এটিতে সংস্কারকাজ চালানো হয়। এএফপি।