ব্রিটেন আত্মঘাতী হামলার ঝুঁকিতে: এমআই-৬
ব্রিটেন অভ্যন্তরীণ সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার ঝুঁকিতে রয়েছে। এই সন্ত্রাসীরা গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির বাইরে রয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা এমআই-৬ সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে দিয়ে এ তথ্য দিয়েছে। বিভিন্ন বিষয়ে গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ এসব তথ্য প্রকাশ করেছে।টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসম্যানদের একটি দল ব্রিটেন সফরে এলে তাদের সঙ্গে বৈঠকে এমআই-৬-এর একজন শীর্ষ কর্মকর্তা ব্রিটেনে হামলার আশঙ্কা প্রকাশ করেন। এর আগে সফররত দলটি ব্রিটেনে তরুণ মুসলিমদের চিন্তাভাবনা ও কর্মকাণ্ডে আতঙ্ক প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাজেটে বরাদ্দ কমানোর কারণে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো দেশটিতে মুসলিম চরমপন্থীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। যুক্তরাষ্ট্র সরকার এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে।চলতি সপ্তাহের প্রথম দিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য বাজেটে বরাদ্দ আরও কমানোর ঘোষণা দেন।প্রতিবেদনে বলা হয়, উইকিলিকসের প্রকাশিত নথির তথ্য অনুযায়ী ব্রিটেন শুধু অভ্যন্তরীণ নয়, বাইরের সন্ত্রাসবাদীদের হামলার ঝুঁকিতেও রয়েছে। নথিতে পাশ্চাত্যের ওপর সন্ত্রাসী হামলা ঠেকাতে ব্রিটেনের নিরাপত্তা বাহিনীর অসামর্থ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছে। ২০০৮ সালের এপ্রিল মাসে মার্কিন কংগ্রেসম্যানদের একটি দল লন্ডনে যায়। তাদের এই সফরের মূল লক্ষ্য ছিল পশ্চিমা বিশ্বের নিরাপত্তা-ঝুঁকির বিষয় নিয়ে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর সঙ্গে গোপনে বৈঠক করা। বৈঠকে এমআই-৬-এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা উল্লেখ করেন, ব্রিটেনের অনেক জায়গায় সন্ত্রাসী তৎপরতা পর্যবেক্ষণ এবং এ সংক্রান্ত তথ্যের জন্য পুরোপুরিভাবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও অন্যান্য মার্কিন সূত্রের সহায়তার ওপর নির্ভরশীল। তিনি মার্কিন কংগ্রেসম্যানদের জানান, ব্রিটেন অভ্যন্তরীণ ও দেশের বাইরে থেকে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে। অভ্যন্তরীণ সন্ত্রাসীদের জিহাদি উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, ২০০৫ সালে লন্ডনে বোমা হামলার সঙ্গে জড়িত অভ্যন্তরীণ জিহাদিরাই আবারও হামলা চালাতে পারে। এমআই-৬-এর জ্যেষ্ঠ ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। টেলিগ্রাফ অনলাইন।