ব্রিটেন ও ফ্রান্সের বড়দিন ভন্ডুল

ব্রিটেন ও ফ্রান্সে প্রবল ঘূর্ণিঝড় ও মুষলধারে বৃষ্টিপাতের কারণে বড়দিন উদযাপনে ভাটা পড়েছে। রয়টার্স বলছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
ঘূর্ণিঝড়টি উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বয়ে গেছে। ঝোড়ো হাওয়ার কারণে অনেক জায়গায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং ট্রেন, বিমান ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটেছে।
ঝোড়ো হাওয়ার কারণে ফ্রান্সে গত সোমবার এক কিশোর এবং গত দুদিনে যুক্তরাজ্যে পাঁচজন মারা গেছে। ঘূর্ণিঝড়ের কারণে হিথ্রোসহ যুক্তরাজ্যের বেশির ভাগ ব্যস্ত বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল মঙ্গলবার ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর গেটউইকের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানবন্দরগামী সব ট্রেনের যোগাযোগও সাময়িকভাবে বন্ধ ছিল।
খারাপ আবহাওয়ায় বড়দিনের কেনাকাটায় ভাটা পড়ায় হতাশ হয়ে পড়েছেন দোকানিরা। গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের গবেষক হাওয়ার্ড আর্চার বলেন, বড়দিনের ঠিক আগের কয়েক দিনে বেচাবিক্রি বাড়বে বলে খুচরা বিক্রেতারা আশা করে থাকেন, কিন্তু আবহাওয়াটাও এমন সময় দুর্যোগপূর্ণ হয়ে গেল।
এনার্জি নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফ্রান্সের ব্রিটানি ও নরমেন্ডি অঞ্চলের দুই লাখ ৪০ হাজার ও দক্ষিণ ইংল্যান্ডের এক লাখ ৫০ হাজার বাড়িতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সাউদার্ন ইলেকট্রিক পাওয়ারের মুখপাত্র মোরবেন স্মিথ বিবিসি রেডিওকে বলেন, বড়দিনে অনেক গ্রাহককে বিদ্যুত্ ছাড়াই থাকতে হবে।যুক্তরাজ্যের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বড়দিন ও বক্সিংডেতে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে আগামী শুক্রবারে আবার ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। বড়দিনের পর ব্যবসায়ীরা বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করেন। তাই আসছে শুক্রবারও আবহাওয়া খারাপ থাকবে, এমন পূর্বাভাষ ব্যবসায়ীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।