ব্রিটেন থেকে উৎসবের ঢেউ ছড়িয়ে গেল অন্য দেশেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে গতকাল শুক্রবার মহা ধুমধামে বিয়ে হয়ে গেল ব্রিটিশ সিংহাসনের ভাবিষ্যৎ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের। এ উপলক্ষে কেবল যুক্তরাজ্যজুড়েই নয়, বিশ্বের অনেক দেশেই বড় বড় শহরে উৎসবে মাতোয়ারা ছিল লাখ লাখ মানুষ।গত বৃহস্পতিবার থেকে হাজারো মানুষ জড়ো হয় লন্ডনের বাকিংহাম প্যালেসমুখো সড়কের আশপাশে। শুধু ব্রিটিশ নাগরিকেরাই নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকও আগ্রহভরে সেখানে অবস্থান নেয়। বিশেষ সাজে যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে লুইজিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা সিনডি বার্নার্ড বলেন, ‘বিয়ের আগে আজ শেষ দিন। চূড়ান্ত কাউন্টডাউন। আমরা রোমাঞ্চিত।’ তিনি বলেন, ‘সামনের সারিতে যেতে চাই। আমরা উৎসব করব, আনন্দ করব।’ কয়েকজন বন্ধুর সঙ্গে এসেছেন ৫৩ বছর বয়সী সিনডি। তিনি একটি পোস্টারও তুলে ধরেন। এতে লেখা, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুভকামনা’ এবং ‘সত্যিকারের ভালোবাসা স্থায়ী হয়’।বাকিংহাম প্যালেসের মূল ফটক থেকে মাত্র ৫০ মিটার দূরে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন নাগরিক। তাঁরাও নিজ দেশের পতাকা আর বিশেষ সাজে এসেছেন। তাঁদের একজন জিময়ানা মালেক। তিনি জানান, স্থানীয় সময় সকাল নয়টায় তাঁরা ওই জায়গায় অবস্থান নেন। বলেন, ‘কোনোভাবেই এই বিশেষ সুযোগ হাতছাড়া করতে চাই না। ইচ্ছা করলে টেলিভিশনে অনুষ্ঠানটি দেখতে পারতাম। কিন্তু সামনের সারিতে বসে সরাসরি দেখা অসাধারণ এক অভিজ্ঞতা।’ইংল্যান্ডের নিউ ফরেস্ট এলাকা থেকে এসেছেন ৬৯ বছর বয়সী মার্গারেট টিনসেল। তিনি বলেন, ‘আমি গতকাল সবার আগে এখানে এসেছি।’ মার্গারেট জানান, ১৯৮৬ সালে প্রিন্স অ্যান্ড্রু ও সারাহ ফার্গুসনের বিয়েতেও তিনি এসেছিলেন।মূল অনুষ্ঠানের এক দিন আগেই তাঁদের এই অবস্থান নেওয়া কিছুটা হলেও সার্থক হয় বর প্রিন্স উইলিয়ামকে কাছে পেয়ে। সন্ধ্যার দিকে উইলিয়াম ওই শুভাকাঙ্ক্ষী অনেকের সঙ্গেই হাত মেলান।বাকিংহাম প্যালেসের বাইরে অবস্থান নেওয়া এসব মানুষ রাতে আগুন জ্বালিয়ে সেখানে অবস্থান করে। আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় ছাতা নিয়ে আসে অনেকেই। বয়স কোনো বাধা হতে পারেনি ৭৩ বছর বয়সী জিওয়েন ওলের কাছে। ইংল্যান্ডের রোসেস্টার থেকে তিনি এসেছেন একটি কম্বল ও স্লিপিং ব্যাগ নিয়ে। জিওয়েন বলেন, ‘সারা রাত এখানে থাকতে হবে। এটা কোনো বিষয় নয়, আমি সেই ব্যবস্থা করেই এসেছি।’উৎসবের আমেজ দেখা যায় অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিসহ বিভিন্ন স্থানে। মধ্যাহ্নভোজ, শ্যাম্পেইন পার্টিসহ নানা আয়োজনে বিয়ের দিনটি উৎসবমুখর করার পরিকল্পনা করেছে শত শত মানুষ। সিডনির পার্লামেন্ট ভবনে এক মধ্যহ্নভোজে জেই মার্টিনকোভিটস বলেন, ‘উইলিয়াম-কেটের বিয়ে নিয়ে লোকজন দারুণ রোমাঞ্চিত। বিশেষত, তরুণদের মধ্যে উন্মাদনা যেন একটু বেশি।’নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনেও রয়েছে উৎসবের আমেজ। ওয়েলিংটনের বাসিন্দা কিপ মার্শাল বলেন, ‘আমি দুই নাতনিকে নিয়ে টেলিভশনে বিয়ের অনুষ্ঠান দেখব। এর আগে আমরা বিশেষভাবে সাজব।’ উইলিয়াম ও কেটের সম্মানে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয় আলোকমালায় সজ্জিত করা হয়। এএফপি, বিবিসি।