ব্রিটেন-যুক্তরাষ্ট্রের গোপন চুক্তির তথ্য ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনএসএর দলিল বলছে, ব্রিটেন ও আমেরিকার গোয়েন্দারা তথ্য বিনিময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলেন। ছবি: দ্য গার্ডিয়ান
এনএসএর দলিল বলছে, ব্রিটেন ও আমেরিকার গোয়েন্দারা তথ্য বিনিময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলেন। ছবি: দ্য গার্ডিয়ান

মার্কিন গোয়েন্দাদের সঙ্গে নিরপরাধ ব্রিটিশ নাগরিকদের ফোন, ইন্টারনেট ও ই-মেইলের তথ্যাদি ভাগাভাগি করতে গোপন চুক্তিতে আবদ্ধ ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ব্রিটেনের সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এত দিন দেশ দুটি এ ধরনের চুক্তির কথা অস্বীকার করে আসছিল।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিপত্র থেকে জানা গেছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোয়েন্দাদের ব্রিটিশ নাগরিকদের তথ্য ঘাঁটার অধিকার দিয়েছিল খোদ ব্রিটিশ গোয়েন্দারাই।
দ্য গার্ডিয়ান বলছে, এনএসএর এক দলিল থেকে এবারই প্রথম জানা গেল যে, তথ্য বিনিময় করতে দুই দেশের গোয়েন্দারা ২০০৭ সালে এক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। ওই চুক্তির কারণেই মার্কিন গোয়েন্দারা ব্রিটিশদের তথ্য সংগ্রহের সুযোগ পান। কিন্তু চুক্তির আগে মার্কিনরা তা আইনত পারত না।
সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ ও টিভি স্টেশন ‘চ্যানেল ফোর নিউজ’-এর যৌথ অনুসন্ধানের পর এনএসএর ওই দলিলটি খুঁজে পাওয়া যায়। দলিলের শর্ত হলো, ব্রিটিশ প্রশাসন তার নাগরিকদের তথ্য এমন একটি ভান্ডারে সংরক্ষণ করবে, যা থেকে মার্কিন গোয়েন্দা ও সামরিক বাহিনীর সবগুলো দপ্তর অবাধে তথ্য সংগ্রহ করতে পারবে।
নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের লক্ষ্যে ১৯৪৬ সালে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র একটি জোট গড়ে তোলে। ইউকেইউএসএ বা ইউকুসা নামে পরিচিত এ জোটটিতে পরে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড অন্তর্ভুক্ত হয়। এখন জোটটি পঞ্চচক্ষু বা ইংরেজিতে ফাইভ-আইস নামে পরিচিত। তবে এ জোটের শর্ত ছিল, কোনো পক্ষই সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্যাদি অপর পক্ষের কাছে হস্তান্তর করবে না।
তবে স্নোডেনের ফাঁস করা নথি থেকে জানা গেছে, এনএসএকে সুবিধা করে দিতেই ২০০৭ সালে নতুন করে চুক্তি করে ব্রিটিশ সরকার। তবে সব ব্রিটিশের তথ্য সংগ্রহ করত না এনএসএ।
এর আগে ব্রিটিশ সরকার গোপন চুক্তির কথা অস্বীকার করে এসেছে। এ ব্যাপারে আজ ‘দ্য গার্ডিয়ান’ ব্রিটেনের গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন্স হেড কোয়োর্টার্স ও মন্ত্রী পরিষদের কার্যালয়ে যোগাযোগ করেছিল। তবে বারবার যোগাযোগ করা হলেও কোনো দপ্তরের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি।