জরিপে এগিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে বিবিসির প্রধান কার্যালয়ের বাইরে ভোটকেন্দ্র ফেরত জরিপের ফল দেখানো হচ্ছে। ছবিটি আজকের। ছবি: রয়টার্স
লন্ডনে বিবিসির প্রধান কার্যালয়ের বাইরে ভোটকেন্দ্র ফেরত জরিপের ফল দেখানো হচ্ছে। ছবিটি আজকের। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ ও লেবার দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল। কিন্তু ভোট শেষে এক জরিপের ফলাফলে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে। জরিপ প্রত্যাখ্যান করেছে লেবার দল।
জরিপ অনুসারে, ৬৫০টি আসনের মধ্যে ৩১৬ টিতে জয় পেতে পারে কনজারভেটিভ দল। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার দল জিততে পারে ২৩৯টি আসনে।
এই জরিপের ফল সঠিক হলে, সরকার গঠনের জন্য কনজারভেটিভ দলের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আর মাত্র ১০টি আসন প্রয়োজন হবে। বিরোধী দলের আসনে বসতে হবে লেবার দলকে।
যুক্তরাজ্যের মোট ৬৫০টি সংসদীয় আসনের মধ্যে সরকার গঠন করতে পেতে হয় ৩২৬টি আসন।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১২ টা) ভোট নেওয়া শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত তিনটা)।
আজ শুক্রবার বিকেলে ভোটের চূড়ান্ত ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন এই নির্বাচনে প্রধান তিনটি দলের মনোনয়নে প্রার্থী হয়েছেন।
যুক্তরাজ্যের ৫৬ তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে একটি জরিপের ফল প্রকাশিত হয়। বিবিসি, স্কাই টিভি ও আইটিভি যৌথভাবে জরিপটি চালায়। ১৪০টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট কেন্দ্রে ভোটগ্রহণের সময় জরিপটি চালানো হয়। এ ছাড়া ২০ হাজার ভোটারের সঙ্গে টেলিফোনে কথা বলা হয়। জরিপের ফল অনুসারে, কনজারভেটিভ দল ৩১৬ টি, লেবার দল ২৩৯ টি, লিবারেল ডেমোক্র্যাটস দল ১০ টি, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৮টি আসন পেতে পারে।
তবে আরেকটি সংস্থা জানায়, কনজারভেটিভরা পাবে ২৮৬টি এবং লেবাররা পাবে ২৬৮টি আসন।
নির্বাচনের আগের রাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান প্রকাশিত জরিপে জানানো হয়, কনজারভেটিভ এবং লেবার—উভয় দলই ২৭৩টি করে আসন জিততে পারে। লিবারেল ডেমোক্র্যাটস ২৭ আসন এবং ইউকে ইনডিপেনডেন্ট পার্টি দুটি আসন পেতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডের ৫৯টি আসনের ৫২টিই স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পেতে পারে।