বাজেট ঘাটতি পূরণের জন্য ব্রিটেন বিশাল অঙ্কের ব্যয়-সংকোচনের ঘোষণা দিয়েছে। সে দেশের অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন বলেছেন, আগামী চার বছরে তাঁরা আট হাজার ৩০০ কোটি পাউন্ড (১৩ হাজার কোটি ডলার) ব্যয় হ্রাস করবেন। এর ফলে বিভিন্ন সরকারি বিভাগ থেকে প্রায় পাঁচ লাখ লোক ছাঁটাই করা হবে। একই সঙ্গে বিভিন্ন সমাজসেবামূলক ব্যয়ের খাতেও সরকারকে কাটছাট করতে হবে। এ ব্যয়-সংকোচনের হাত থেকে ব্রিটেনের রাজপরিবারকেও রেহাই দেওয়া হবে না। পার্লামেন্টে গতকাল বুধবার সরকারের ব্যয়-সংকোচনসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার সময় জর্জ অসবোর্ন বলেন, বিগত সরকারের রেখে যাওয়া পাহাড়সমান ঘাটতি বাজেট পূরণ করতে ‘অনিবার্যভাবেই’ তাঁদের আগামী ২০১৪-১৫ সালের মধ্যে এ পরিমাণ ব্যয় এড়াতে হবে। তিনি জানান, ব্রিটেনের বর্তমান বাজেট ঘাটতির পরিমাণ ১৫৪ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড।অসবোর্ন বলেন, গত মে মাস থেকে তাঁরা এ-সংক্রান্ত যে পদক্ষেপ নিয়েছেন, তা ব্রিটেনকে অর্থনৈতিক মন্দা থেকে টেনে তুলতে সাহায্য করবে। এ সিদ্ধান্ত কার্যকর হলে চার লাখ ৯০ হাজার লোক সরকারি চাকরি হারাবেন বলে গত মঙ্গলবার যে খবর বের হয়, তিনি সে খবরের সত্যতা নিশ্চিত করেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের তহবিলে টান পড়ায় অনিবার্যভাবেই এসব লোক ছাঁটাই করতে হবে। নতুন বাজেট অনুযায়ী, পুলিশ বিভাগের বরাদ্দ থেকে প্রতিবছর ৪ শতাংশ এবং স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের প্রত্যেকের বরাদ্দ থেকে ৬ শতাংশ করে কেটে নেওয়া হবে। অসবোর্ন বলেন, এ উদ্যোগের মাধ্যমে ব্রিটেনের জনকল্যাণমূলক কাজেও সংস্কার আনা হবে।অর্থমন্ত্রী জানান, রানি দ্বিতীয় এলিজাবেথকেও ব্যয়-সংকোচনের উদ্যোগের বাইরে রাখা হচ্ছে না। ২০১২-১৩ অর্থবছরে রাজপরিবারের ব্যয় ১৪ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলা হবে। প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ৮ শতাংশ ব্যয় কমানো হবে। পার্লামেন্টে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সেনা, বিমান ও নৌবাহিনীর ১৭ হাজার কর্মীকে ২০১৫ সালের মধ্যে বাধ্যতামূলক অবসরে দেওয়া হবে। তবে আফগানিস্তানে যুদ্ধরত সেনাদের ব্যয়ের মাত্রা কমানো হবে না। সরকারের এ উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন বিরোধী লেবার পার্টির নেতারা। লেবার পার্টির নেতা অ্যাডওয়ার্ড মিলিব্যান্ড বলেছেন, সরকার জনগণের চাকরি-বাকরি, সর্বোপরি তাদের জীবন নিয়ে বড় ধরনের জুয়াখেলায় মেতে উঠেছে। ব্রিটেনের ট্রেড ইউনিয়ন সরকারের এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কয়েক হাজার ইউনিয়ন সদস্য গত মঙ্গলবার ব্যয় হ্রাস না করার দাবিতে লন্ডনে সমাবেশ করেছেন। এএফপি।