ব্রিটেনে ভুয়া চার কলেজ ব্যবসায়ীর ২৫ বছরের কারাদণ্ড
ভুয়া কলেজ ও অসাধু উপায়ে অভিবাসন ব্যবসা পরিচালনার অভিযোগে দুই বাংলাদেশিসহ চারজনকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের ক্রয়ডন ক্রাউন কোর্ট। গত ১৫ জানুয়ারি আদালত এই রায় দেন।প্রায় ১৮ মাস আগে যুক্তরাজ্যের সীমান্ত সংস্থা ইউকে বর্ডার এজেন্সির পুলিশ খালেদ মাহমুদ ও তারেক মাহমুদ নামের দুই বাংলাদেশি নাগরিক এবং অপর দুই চীনা নাগরিক জুনজি কাও ও উই জিংকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ভুয়া কলেজ প্রতিষ্ঠা করে অবৈধ কাগজপত্রের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীদের ইউকেতে ভিসা পেতে সহায়তা করেছেন। ইউকে বর্ডার এজেন্সি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের সাজার মেয়াদ শেষ হলে তাদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে।অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউকে বর্ডার এজেন্সি জানিয়েছে, কলেজ পরিচালনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে শতাধিক কলেজের লাইসেন্স স্থগিত করা হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণে বাঙালি মালিকানাধীন কলেজগুলোতে ভর্তি হওয়া অর্ধলক্ষাধিক শিক্ষার্থী চরম বিপাকে পড়েছেন। এদিকে কলেজ মালিকেরা বলছেন, এই অচলাবস্থা সাময়িক। স্থগিতাদেশ প্রত্যাহারের ব্যাপারে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। লাইসেন্স স্থগিত করা হয়েছে এমন কলেজের অফার লেটার নিয়ে যাঁরা যুক্তরাজ্যে প্রবেশ করছেন, তাঁদের হিথ্রো বিমানবন্দর থেকে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি লন্ডন ট্রিনিটি কলেজের পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে আয়ারল্যান্ডের বেলফাস্টে যাওয়ার পথে গ্রেপ্তার করেছে অভিবাসন পুলিশ। কোনো প্রকার আপিলের সুযোগ না দিয়েই তাঁদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।অভিবাসন বিশেষজ্ঞ মনোয়ার হোসেন জানিয়েছেন, এই অবস্থায় যেসব শিক্ষার্থী ছাত্র ভিসা পেয়েছেন অথবা আবেদন করবেন, তাঁদের অবশ্যই দেখতে হবে ইউকে বর্ডার এজেন্সির ওয়েবসাইটে সংশ্লিষ্ট কলেজটির নাম নিবন্ধিত রয়েছে কি না।