ব্রিটেনে শিশুদের হাতখরচ কমেছে
ব্রিটেনে শিশুদের হাতখরচের পরিমাণ কমে গেছে। একটি জরিপে দেখা গেছে, অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার পরও মা-বাবারা তাঁদের সন্তানদের পেছনে খরচ কমিয়ে দিয়েছেন। গতকাল সোমবার এ জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে আরও দেখা গেছে, মা-বাবারা মেয়েশিশুর তুলনায় ছেলেশিশুর পেছনে বেশি খরচ করছেন। লয়েডস ব্যাংকিং গ্রুপের শাখা হ্যালিফ্যাক্স এ জরিপ করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, এ বছর ব্রিটেনে শিশুদের সাপ্তাহিক পকেট-খরচ ৫ দশমিক ৮৯ পাউন্ডে নেমেছে। ২০০৯ সালেও এ খরচের পরিমাণ ছিল ৬ দশমিক ২৪ পাউন্ড। ২০০৩ সালের পর এ বছরই প্রথম ছেলেমেয়ের পেছনে মা-বাবার খরচ সবচেয়ে বেশি কমেছে। ওই বছর বাচ্চাদের পেছনে মা-বাবার সপ্তাহে গড় খরচ ছিল ৫ দশমিক ৭৯ পাউন্ড। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি বলেছে, গত বছর ব্রিটেনে আয়ের পরিমাণ বাড়লেও অভিভাবকেরা অপ্রয়োজনীয় খরচ থেকে হাত অনেকটা গুটিয়ে নিয়েছেন।হ্যালিফ্যাক্স জানায়, ব্রিটেনে গত জুলাইয়ের আগ পর্যন্ত তিন মাসে সপ্তাহে লোকজনের গড় উপার্জন হয়েছে ৪৩১ পাউন্ড। উৎসব-ভাতা ছাড়াই আগের বছরের তুলনায় এ উপার্জন ছিল ১ দশমিক ৮ শতাংশ বেশি।হ্যালিফ্যাক্স বলেছে, অভিভাবকেরা কন্যাসন্তানের পেছনে তুলনামূলক কম খরচ করছেন। তাঁরা ছেলেসন্তানকে কিছুটা বেশি হাতখরচ দেন। মেয়েদের মাসে গড়ে ৫ দশমিক ৭০ পাউন্ড হাতখরচ দেওয়া হয়, আর ছেলেদের দেওয়া হয় ৬ দশমিক ৮ পাউন্ড। ছেলেদের তুলনায় ৬ শতাংশ কম হাতখরচ দেওয়া হয় মেয়েশিশুদের। রয়টার্স।