ব্রিটেনের আদালতে নেকাবে আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কখন নেকাব পরা যাবে বা যাবে না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ব্রিটেনের আদালতে। ছবি: রয়টার্স
কখন নেকাব পরা যাবে বা যাবে না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ব্রিটেনের আদালতে। ছবি: রয়টার্স

ব্রিটেনে মুসলিম নারীদের পর্দা প্রথা নিয়ে চলমান বিতর্কে এবার যোগ হলো নেকাব। দেশটির এক আদালত তাঁর রায়ে বলেছেন, মুসলিম নারীরা চাইলে আদালতের বিচারিক কার্যক্রমের সময় মুখ ঢেকে রাখতে পারবেন। তবে সাক্ষ্য দেওয়ার সময় তাঁকে অবশ্যই মুখ থেকে নেকাব সরিয়ে ফেলতে হবে।

ডেইলি মেইলের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব লন্ডনের এক আদালতের বিচারক পিটার মারফি গতকাল সোমবার মামলা চলাকালে মুসলিম সাক্ষীকে তাঁর মুখ থেকে নেকাব সরিয়ে পুরো চেহারা দেখানোর নির্দেশ দেন। মারফি ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে বলেন, বিচারের অন্যান্য ধাপে মুখমণ্ডল আড়ালে রাখা গেলেও সাক্ষ্য দেওয়ার সময় পুরো মুখটিই দেখাতে হবে, যাতে তাঁর পরিচয় নিশ্চিত হয়।

ব্ল্যাকফ্রেয়ার ক্রাউন আদালতের বিচারক মারফি বলেন, বিচারকাজের সময় একজন সাক্ষীর মুখের অভিব্যক্তি দেখাও জরুরি। অথচ মুখ ঘোমটায় ঢেকে থাকলে অভিব্যক্তি বোঝা জুরিদের জন্য কঠিন হয়ে যায়।

‘ডেইলি মেইল’ জানায়, গতকাল ২২ বছর বয়সী এক তরুণী বোরকা পরে আদালতে সাক্ষী দিতে যান। সেখানে তাঁকে চতুর্থ ইংরেজি বর্ণ ‘ডি’ নামে অভিহত করা হয়। তরুণী আদালতে সবার সামনে ঘোমটা নেকাব খুলতে আপত্তি জানান।

এ সময়ে আদালত পাল্টা আপত্তি জানালে তিনি জানান, সরাসরি ভিডিও লিংকের মাধ্যমে কিংবা আদালতকক্ষে পর্দার ওপাশে থেকে তিনি সাক্ষ্য দিতে চান। সে সময় তিনি শুধু বিচারক, জুরি ও তাঁর আইনজীবীকে তাঁর চেহারা দেখাবেন।

পত্রিকাটি বলছে, সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষীর পুরো মুখ দেখানোর এ বিষয়টি ব্রিটিশ আদালতে প্রথমবারের মতো আলোচিত হলো।

‘দ্য ন্যাশনাল সেক্যুলার সোসাইটি’ নামের একটি সংগঠন ও কনজারভেটিভ পার্টির এক পার্লামেন্ট সদস্য আদালতের নির্দেশের নিন্দা জানিয়েছেন। তাঁদের বক্তব্য হলো, একজন বিবাদীর চেহারা শুধু সাক্ষ্য দেওয়ার সময় নয়, বরং পুরো বিচারপ্রক্রিয়ার সময়ই উন্মুক্ত থাকা উচিত।

তবে মারফির এ আদেশে ব্ল্যাকফ্রেয়ার ক্রাউন আদালতে বিতর্ক তৈরি হয়েছে। কারণ মারফির আদেশ আদালতটির আগের কয়েকটি আদেশের সঙ্গে সাংঘর্ষিক। গত বছরের মার্চে ওই আদালতের আরেক বিচারক নেকাব নিয়ে ভিন্ন আদেশ দিয়েছিলেন। সে সময় নেকাব পরা এক নারী হত্যাচেষ্টা মামলার বিচারে জুরি হিসেবে কাজ করতে চাইলে বিচারক তাঁকে বাধা দিয়েছিলেন। বিচারক বলেন, যদিও নারীটির চোখ উন্মুক্ত, তবুও তিনি যেহেতু পুরো সময় চেহারা দেখাচ্ছেন না, তাই তিনি জুরি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।