ব্রিটেনের ইউকেআইপির প্রধান নেতা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের ইউকে ইনডিপেনডেন্স পার্টির (ইউকেআইপি) নেতা লর্ড পিয়ার্সন অব রানক দলীয় প্রধানের পদ ছেড়ে দিচ্ছেন। তিনি এক বছরেরও কম সময় এ পদে আছেন। পদত্যাগপত্রের বিবৃতিতে লর্ড পিয়ার্সন লিখেছেন, দলীয় রাজনীতি ও ইউকেআইপির জন্য তিনি ‘অতটা ভালো না’। ‘দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আরও যোগ্য কোনো নেতা প্রয়োজন।’ সাধারণ নির্বাচনের প্রচারণাকালে অনেক কঠিন সময় পার করতে হয়েছে লর্ড পিয়ার্সনকে। এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, নিজের দলের ইশতেহারের পুরোটা তাঁর মনে নেই। আগামী মাসে বার্ষিক সম্মেলনে দলের অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচন করবে ইউকেআইপি। দলের বর্তমান দুই উপপ্রধানের একজন ডেভিড ক্যাম্পবেল বানেরম্যান দলের নতুন নেতা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছেন। দলের সাবেক প্রধান নাইগেল ফ্যারেজ জানিয়েছেন, আগামী সম্মেলনের আগ পর্যন্ত লর্ড পিয়ার্সনের পদত্যাগের ঘোষণা দেওয়া হবে না। পার্লামেন্ট নির্বাচনে বাকিংহাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দায়িত্ব ছেড়ে গিয়েছিলেন ফ্যারেজ। বিবিসি।