ব্রিটেনের উপ-অর্থমন্ত্রী ডেভিড লসের পদত্যাগ
ব্রিটেনের চিফ সেক্রেটারি টু দ্য ট্রেজারি বা উপ-অর্থমন্ত্রী ডেভিড লস গত শনিবার পদত্যাগ করেছেন। সরকারি কোষাগার থেকে অতিরিক্ত অর্থব্যয়ের খবর প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নেন লিবারেল ডেমোক্র্যাটস দলের এই সদস্য। দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ডেভিড লসের এ পদত্যাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের প্রথম জোট সরকারের জন্য একটি বড় ধাক্কা।গত শুক্রবার ব্রিটেনের প্রভাবশালী ডেইলি টেলিগ্রাফ পত্রিকার খবরে জানানো হয়, বাড়িভাড়া বাবদ লস সরকারি কোষাগার থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ৪০ হাজার পাউন্ড নিয়েছিলেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত সমকামী ছেলেবন্ধু জেমস লুন্ডির বাড়িতে ভাড়া থাকার জন্য ওই অর্থ নিয়েছিলেন তিনি। এ খবরের জের ধরেই লসের এই পদত্যাগের ঘোষণা। লস অবশ্য ওই অর্থ ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন এবং এ জন্য দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে লেখা এক চিঠিতে লস তাঁর পদত্যাগের কারণ জানাতে গিয়ে বলেন, ‘পদত্যাগ করা ছাড়া আমার আর কোনো বিকল্প ছিল না। সম্প্রতি অতিরিক্ত অর্থব্যয়-সম্পর্কিত যে তথ্য প্রকাশিত হয়েছে, তারপর আমি ভেবে পাচ্ছিলাম না, কীভাবে বাজেট ঘাটতি এবং সরকারি ব্যয় কমানোর মতো গুরুত্বপূর্ণ কাজে আমি মনোনিবেশ করব। গুরুত্বপূর্ণ এ সময়টিতে অর্থমন্ত্রীর এমন একজন সহযোগী দরকার, যিনি ব্যক্তিগত ঝামেলার কারণে মনঃসংযোগ হারাবেন না।’ডেভিড লসের এই পদত্যাগের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ আশা প্রকাশ করেছেন, লস ভবিষ্যতে আবার এ সরকারে জায়গা পাবেন। লসের চিঠির জবাবে ক্যামেরন বলেন, ‘তিনি একজন সম্মানিত মানুষ। আশা করছি, তিনি আবার দায়িত্ব পালনের সুযোগ পাবেন।’ নিক ক্লেগ বলেন, ‘আমি সব সময়ই তাঁর বুদ্ধিমত্তা, জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতা ও ব্যক্তিগত সততার প্রশংসা করেছি।’লসের পদত্যাগের ব্যাপারে ব্রিটেনের অর্থমন্ত্রী জর্জ অসবর্নও দুঃখ প্রকাশ করেছেন। তাঁর সম্পর্কে অসবর্ন বলেন, তিনি যেন এ দায়িত্ব পালনের জন্যই পৃথিবীতে এসেছেন। নতুন চিফ সেক্রেটারি টু দ্য ট্রেজারি হিসেবে নিয়োগ পেয়েছেন স্কটল্যান্ডবিষয়ক মন্ত্রী ড্যানি আলেক্সান্ডার। বিবিসি, গার্ডিয়ান অনলাইন।