ব্রিটেনের সামরিক ব্যয় সংকোচনের পরিকল্পনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
ব্রিটেনের সামরিক ব্যয় সংকোচনের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, ব্রিটেন সামরিক ব্যয় কমালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র দেশ হিসেবে তাদের ভূমিকা হুমকির মুখে পড়বে। মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তারা বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে আফগানিস্তান থেকে শক্তি কমিয়ে ব্রিটিশ সরকার সামরিক ব্যয় সংকোচন করুক, এটা তাঁরা চান না। মার্কিন সামরিক বিশেষজ্ঞ অনেকে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ব্রিটিশ সরকার ভবিষ্যতে আফগানিস্তান বা অন্য কোনো দেশে অভিযানে অংশ নেওয়ার মতো সামর্থ্য রাখতে পারে কি না তা নিয়ে তাঁরা সন্দিহান। ব্রিটেনের সামরিক ব্যয় সংকোচনের খবরে ওয়াশিংটনের কর্মকর্তারা উদ্বিগ্ন্ন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্সের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। গত বুধবার ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে লিয়াম ফক্স সাংবাদিকদের বলেন, ‘সামরিক ব্যয় সংকোচনের পরও ব্রিটিশ সরকার যেকোনো হুমকি মোকাবিলা করার সামর্থ্য রাখে। ব্রিটেনের ক্ষমতার ব্যাপারে পেন্টাগন যে ধারণা পোষণ করে, তা অটুট থাকবে।’ তিনি বলেন, যেকোনো প্রয়োজনে ব্রিটেনের বিশেষ বাহিনী ও পরমাণুনিরোধক ব্যবস্থা ব্যবহারের সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘প্রয়োজনে দীর্ঘমেয়াদি যুদ্ধেও ব্রিটেন মাঝারি আকারের বাহিনী মোতায়েন করার সামর্থ্য রাখে।’যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সামরিক শক্তির মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীরও সমান হবে না ব্রিটেনের সামরিক শক্তি। ব্রিটিশ সেনাবাহিনীর বর্তমান সদস্যসংখ্যা এক লাখ তিন হাজার।কর্মকর্তারা বলেন, ক্যামেরন সরকার ব্রিটিশ সেনাবাহিনীর আকার ২০ শতাংশ কমিয়ে আনার চিন্তাভাবনা করছে। ইউনাইটেড স্টেটস আর্মি ওয়ার কলেজের গবেষক অ্যান্টলিও ইচেভ্যারিয়া বলেন, ‘সেনাসদস্যের সংখ্যা কমালে তা ব্রিটেনের সামরিক শক্তির ওপর বেশ নেতিবাচক প্রভাব ফেলবে।’ব্রিটিশ সরকারের বার্ষিক ঘাটতি ২৪ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাচ্ছে, যা ইউরোপের অন্যতম বড় অর্থনৈতিক ঘাটতি। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন জোট সরকার সামরিক খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে এ ঘাটতি পূরণের চিন্তাভাবনা করছে। আগামী ২০ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত এই ব্যয় সংকোচনের নানা বিষয় বিস্তারিত তুলে ধরা হবে। নিউইয়র্ক টাইমস।