ব্রিটেনের ২৫ শতাংশ বাগানেই থাকে শজারু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ২৫ শতাংশ বাগানেই শজারু বিচরণ করে। নতুন জরিপে এ তথ্য পাওয়া গেছে। জরিপটি পরিচালনা করেছে পাখি সংরক্ষণবিষয়ক সংগঠন আরএসপিবি।দেশটির ৭০ হাজার বাগানে গত জুনে এ জরিপ চালানো হয়। এতে প্রায় ৯০ হাজার স্বেচ্ছাসেবক অংশ নেন। জরিপে পাখি ও স্তন্যপায়ী প্রাণী গণনা করা হয়। এ সময় কিছুসংখ্যক বাগানে ছুঁচো ও হরিণেরও দেখা পাওয়া যায়। পাখির মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে গায়ক-পাখি ব্ল্যাক বার্ড। আরএসপিবি প্রধান সমন্বয়ক রিচার্ড ব্যাশফোর্ড বলেন, কিছু বিপন্নপ্রায় প্রজাতি রয়েছে। এ ধরনের জরিপ ছাড়া তাদের সম্পর্কে জানা সম্ভব নয়। শহরাঞ্চলের অনেক স্বেচ্ছাসেবক বলেছেন, তাঁদের বাগানে নিয়মিত শজারু দেখতে পাওয়া যায়। কেউ কেউ বলেন, আগে তাঁদের বাগানে শজারুর বিচরণ ছিল। আর গ্রামের অধিকাংশ বাগানেই কাঁটাযুক্ত বিচিত্রদর্শন প্রাণীটি দেখা গেছে। মাসে একবার অন্তত শজারু দেখা যায়, গ্রামে এমন বাগানের সংখ্যা ২৫ শতাংশেরও বেশি। আরএসপিবির জরিপে এবারই প্রথম ছুঁচো ও হরিণের ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে। জরিপে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের ১৪ শতাংশ ছুঁচো দেখতে পেয়েছেন। আর পাঁচ শতাংশ বাগানে পাওয়া গেছে হরিণের সন্ধান। তবে এর বেশির ভাগই স্কটল্যান্ডের বাগানগুলোতে। বিবিসি।