নরওয়ের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিককে কারাগারে না রেখে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো উচিত। গতকাল বৃহস্পতিবার তাঁর বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কৌঁসুলিরা এ সুপারিশ করেন।কৌঁসুলিদের মতে, গত বছরের ওই হত্যাকাণ্ডের সময় ব্রেইভিক মানসিকভাবে সুস্থ ছিলেন কি না এ বিষয়ে এখনো সন্দেহ রয়েছে। তাই তাঁকে কারাগারে না রেখে মানসিক চিকিৎসাকেন্দ্রের পরিচর্যায় রাখা উচিত। গতকাল এ বিষয়ে কৌঁসুলিরা চূড়ান্ত যুক্তিতর্ক পেশ করেন। আজ (শুক্রবার) আত্মপক্ষ সমর্থনের সুযোগের মধ্য দিয়ে এ ঘটনার শুনানি শেষ হবে। জুলাই কিংবা আগস্টে এ বিষয়ে রায় আশা করা হচ্ছে। ব্রেইভিক গত বছর ২২ জুলাই নরওয়ের একটি দ্বীপে লেবার পার্টির তরুণ সমর্থকদের সমাবেশে নির্বিচারে গুলি এবং এর আগে রাজধানী অসলোর বিভিন্ন সরকারি ভবনে বোমা হামলা চালান। এসব হামলায় ৭৭ জন নিহত ও ২৪২ জন আহত হয়। তিনি ইসলামপন্থীদের উত্থানের প্রতিবাদে হামলা চালান বলে আদালতে ইতিপূর্বে বক্তব্য দেন। বিবিসি।