ব্রেইভিককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ
নরওয়েতে সন্ত্রাসী হামলাকারী অ্যান্ডার্স ব্রেইভিককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়েছে। গতকাল শুক্রবার নরওয়ের রাজধানী অসলোর আদালতে বিচারের সময় ব্রেইভিককে লক্ষ্য করে জুতা ছোড়া হয়। তবে জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্রেইভিকের পরিবর্তে তাঁর একজন আইনজীবীর গায়ে লাগে। জুতা নিক্ষেপকারী ব্যক্তি ইরাকি বংশোদ্ভূত ও ব্রেইভিকের হামলায় নিহত এক ব্যক্তির ভাই। বিচারকক্ষে জনসাধারণের জন্য সংরক্ষিত স্থানের দ্বিতীয় সারিতে বসা ছিলেন তিনি। জুতা নিক্ষেপের সময় ওই ব্যক্তি ব্রেইভিকের উদ্দেশে চিৎকার করে বলেন, ‘তুমি আমার ভাইকে হত্যা করেছ! তুমি নরকে যাও!’ ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে আদালতকক্ষ থেকে সরিয়ে নেয়।গত জুলাইতে ব্রেইভিক নরওয়ের উটোয়া দ্বীপে গুলি চালিয়ে ৬৯ ব্যক্তিকে হত্যা করেন। জুতা নিক্ষেপের ঘটনায় ব্রেইভিক বলেন, ‘যদি আমাকে লক্ষ্য করে কেউ কিছু একটা নিক্ষেপ করতে চায়, সেই কাজটি আমি আদালতকক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় করা যেতে পারে। কিন্তু আমার আইনজীবীকে লক্ষ্য করে নয়।’ এএফপি।